দীর্ঘ ছয় বছর ধরে আদালতের নিয়মিত যাতায়াত করছেন জানিয়ে চিত্রনায়িকা পরীমনি দাবি করেছেন, তিনি কখনোই কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পরীমনি এসব কথা জানান। রাজধানীর বনানী থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আজ তিনি আদালতে উপস্থিত হন।

মামলাটির অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ দিন ধার্য করা ছিল। তবে মামলাটি অন্য একটি আদালতে বদলি করা হয়। শেষ পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

আদালতের আদেশ পাওয়ার পর ভবন থেকে সিঁড়ি দিয়ে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পরীমনি আক্ষেপ করে বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’

পরবর্তীতে সিএমএম আদালত প্রাঙ্গণে ব্রিফিং চলাকালীন ৫ নভেম্বরের সেই বিতর্কিত ঘটনার কথা টেনে পরীমনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক।” তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’

চিত্রনায়িকা আরও উল্লেখ করেন যে, গত ছয় বছর ধরে তিনি আদালতের আসা-যাওয়া করছেন এবং এই দীর্ঘ সময়ে কেউ প্রমাণ করতে পারবেন না যে তিনি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত ৫ নভেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়। সেই সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। বিপরীতে পরীমনি অভিযোগ করেন, ওই রিপোর্টার তাঁকে স্পর্শ করেছেন।

তবে পরীমনির এই অভিযোগ অস্বীকার করেছেন সমকালের রিপোর্টার রবিউল। তাঁর দাবি, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন। রবিউলের মতে, এই সবকিছুর প্রমাণ ভিডিওতে রয়েছে।

গত ৫ নভেম্বরের এই ঘটনার প্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী পরীমনির বরাবর একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।