চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। পরীমনির পক্ষে নিযুক্ত আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, আজ পরীমনির উপস্থিতিতেই অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারিত ছিল। তবে ওইদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তাঁর আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পরিবর্তন করে ১৭ নভেম্বর ধার্য করেছিলেন।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৪ আগস্ট, যখন রাজধানীর বনানীতে অবস্থিত পরীমনির বাসভবনে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানের পর র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় যে, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বনানী থানায় র্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করেন। এই মামলায় পরীমনির পাশাপাশি আরও দুই আসামি হিসেবে রয়েছেন তাঁর ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।
অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল করার জন্য পরীমনি হাইকোর্টে আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় প্রদান করেন এবং মামলায় পুনরায় অভিযোগ গঠন করার আদেশ দেন।