কারাবন্দী অবস্থায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল না, বরং তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। গত সোমবার তিনি এই বিষয়ে তাঁর দীর্ঘ তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞের এই বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের পূর্ববর্তী সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। ওই কার্যালয় এর আগে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে, এপস্টিন আত্মহত্যা করেছিলেন।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ১০ আগস্ট। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি সেলে ঝুলন্ত অবস্থায় এপস্টিনের মরদেহ উদ্ধার করা হয়। তবে রহস্যজনক বিষয় হলো, আত্মহত্যা ঠেকানোর জন্য সে সময় কারাগারে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।
এই নতুন দাবির পরিপ্রেক্ষিতে সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল বলে তারা যে সিদ্ধান্ত আগে দিয়েছিল, সেই সিদ্ধান্তে তারা এখনো ‘অটল’ রয়েছে। তাদের দাবি অনুযায়ী, ফাঁসিতে ঝুলেই তাঁর মৃত্যু হয়েছে।
তবে লন্ডনে উপস্থাপন করা একটি গবেষণাপত্রে ভিন্ন কথা বলেছেন গবেষকরা। তাঁদের দাবি, এপস্টিনকে ঝুলে থাকতে দেখা যাওয়ার কোনো বাস্তব প্রমাণ নেই। এই গবেষক দলে রয়েছেন ফরেনসিক মেডিসিন এপিডেমিওলজির গবেষক ও পরামর্শক মাইকেল ফ্রিম্যান, সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ও ফরেনসিক প্যাথলজিস্ট আন্দেরস এরিকসন এবং কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ও গবেষক ইতিয়েল দ্রোর।
গবেষকদের মতে, গলায় দড়ি বা ফাঁসের যে দাগগুলো পাওয়া গেছে, তা পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। তাঁদের ধারণা, এই কাজে সম্ভবত গিঁট দেওয়া কোনো সরু কাপড় ব্যবহার করা হয়েছিল। গবেষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘গলায় ফাঁস লাগানো ছাড়া অন্য কোনো কারণে সৃষ্ট কালশিটে দাগ বা আঘাতের চিহ্ন তাঁর শরীরের কোথাও ছিল না। তাঁর শরীর ছিল প্রায় সম্পূর্ণ অক্ষত।’
ময়নাতদন্তের নথি এবং পুরো ঘটনার তথ্য পুনরায় বিশ্লেষণ করে গবেষকদের দাবি, এপস্টিনের শরীরে পাওয়া আঘাতগুলো মারধর ও ধস্তাধস্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই তাঁদের চূড়ান্ত দাবি, তাঁকে হত্যা করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘গলায় দড়ি বা ফাঁসের দাগগুলো বরং পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। এ ক্ষেত্রে সম্ভবত গিঁট দেওয়া সরু কাপড় ব্যবহার করা হয়েছিল।’
শিশুদের যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত এই মার্কিন ধনকুবেরের মৃত্যুর এক সপ্তাহ পর প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানানো হলেও তাঁর আইনজীবীরা সেই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। তাঁরা কারাগারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখার জোরালো আহ্বান জানিয়েছিলেন।
অভিযোগ রয়েছে যে, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত এপস্টিন একটি মানব পাচারচক্র পরিচালনা করেছিলেন। সেই সময়ে ১৪ বছর বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তিনি কয়েক শ ডলার করে নগদ অর্থ প্রদান করতেন। নিউইয়র্কের আপার ইস্ট সাইডের বাড়ি এবং পাম বিচের নিজস্ব এস্টেটে এসব অপরাধ সংঘটিত হতো বলে অভিযোগ করা হয়।
এপস্টিনের মৃত্যুর পর এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় তদন্ত চালিয়েছিল। সিএনএন এই বিষয়ে এপস্টিনের সাবেক একজন আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছে।
গতকাল প্রকাশিত এই গবেষণার ফলাফল এপস্টিনের মৃত্যু নিয়ে জনমনে বিদ্যমান সংশয়কে আরও তীব্র করেছে। গবেষকদের মতে, যুক্তরাষ্ট্রে এই ঘটনা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে এবং এই সন্দেহের কারণেই বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালে কিশোরীদের যৌনকর্মের জন্য পাচারের চক্র চালানোর অভিযোগে এপস্টিনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ ছিল, এই চক্রের মাধ্যমে তিনি বহু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতন করেছেন।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরেনসিক বিজ্ঞানী মাইকেল ফ্রিম্যান বলেন, এপস্টিনকে কে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। এ নিয়ে তাঁর আগ্রহও নেই। তিনি বরং এপস্টিনের মৃত্যুর তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনে যেসব বিষয় উপেক্ষা করা হয়েছে বলে তিনি মনে করেন, সেগুলোর ওপরই মনোযোগ দিচ্ছেন। এই বিজ্ঞানী আরও প্রশ্ন করেন, ‘আমি শুধু জানতে চাই, পুরো বিষয়টি এভাবে এতটা এলোমেলো কীভাবে হয়ে গেল?’
উল্লেখ্য, গত এক বছরে বিভিন্ন দফায় বিপুল পরিমাণ নথি প্রকাশের মাধ্যমে এপস্টিন সংক্রান্ত অনেক তথ্য সামনে এসেছে। গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ লাখ লাখ নথি প্রকাশ করে, যার মধ্যে ইমেইল, খুদেবার্তা এবং ছবি অন্তর্ভুক্ত ছিল। এর আগে ২০২৫ সালের নভেম্বরে কংগ্রেস স্বচ্ছতা নিশ্চিত করতে এবং এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে একটি আইন পাস করে, যার ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়।
প্রকাশিত এসব নথি বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতে ব্যবসা ও শিল্পজগতের শীর্ষ ব্যক্তিত্ব, ধনকুবের, রাজপরিবারের সদস্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনের একাধিক অস্বস্তিকর সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।