২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, “পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।”

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে সকালে ডিবি-র কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে ডিবি।

এই বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “এসআরবির পক্ষ থেকে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।”

উল্লেখ্য যে, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের পুত্র। তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। সেই ধারাবাহিকতায় এবার ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।