বাংলার ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের জীবনকাহিনিকে কেবল সংকীর্ণ রাজনৈতিক সংজ্ঞায় সীমাবদ্ধ করা সম্ভব নয়। তাঁরা দলীয় আনুগত্য, নির্দিষ্ট মতাদর্শ কিংবা ক্ষমতার মোহ ছাড়িয়ে এক বৃহত্তর মানবিক সত্তায় পরিণত হন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন ঠিক তেমনই এক বিরল ব্যক্তিত্ব।

তিনি একইসাথে রাজনীতিক ছিলেন, আবার রাজনীতির প্রচলিত সংজ্ঞার ঊর্ধ্বে ছিলেন। ধর্মীয় নেতা হয়েও তিনি কেবল ধর্মের গণ্ডিতে নিজেকে বন্দি রাখেননি। তিনি ছিলেন প্রকৃত জননেতা, তবে কখনোই ক্ষমতার লোভে অন্ধ কোনো মানুষ নন। তাঁর জীবনপ্রবাহ ছিল বাংলার নদীর মতোই বৈচিত্র্যময়; কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো ধ্বংসের মুখে ভাঙন তোলা, আবার কখনো নতুন ভূখণ্ডের জন্ম দেওয়া।

একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান কারিগর হয়ে ওঠেন। তবে বিস্ময়ের বিষয় হলো, তাঁর হাত ধরে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি যখন ক্ষমতার কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তিনি নিজে কখনোই সেই ক্ষমতার মোহে আটকা পড়েননি। তিনি সর্বদা প্রাসাদের বাইরে দাঁড়িয়ে মানুষের দিকে তাকিয়ে থেকেছেন, সিংহাসনের প্রতি তাঁর কোনো আকর্ষণ ছিল না।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনযাপন ছিল অসাধারণভাবে সাধারণ। রাজনীতির আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকলেও ব্যক্তিগত জীবনে ছিলেন চরম অনাড়ম্বর। লুঙ্গি ও পাঞ্জাবি ছিল তাঁর চিরচেনা পরিচয়, যা গ্রামবাংলার সাধারণ মানুষের পোশাক। রাজপ্রাসাদের চেয়ে তিনি কুটিরেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। নিজের হাতে টিউবওয়েল থেকে পানি তোলা কিংবা নিজের খাবার নিজেই রান্না করার মতো সাধারণ কাজ তিনি নিজেই করতেন। রাজনীতিকে তিনি কখনোই সম্পদ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করেননি। তাঁর সমসাময়িক অনেক নেতা ক্ষমতার কাছাকাছি পৌঁছে ধনসম্পদ ও প্রভাবের জাল বুনেছিলেন, কিন্তু ভাসানী আমৃত্যু মাটির কাছাকাছি থেকে গেছেন।

এই মাটির সঙ্গেই ছিল মওলানা ভাসানীর এক গভীর আত্মিক সম্পর্ক। তিনি কৃষকদের কথা বলতেন, কারণ কৃষকের জীবন তিনি খুব কাছ থেকে জানতেন। মেহনতি মানুষের অধিকারের কথা বলা ছিল তাঁর সহজাত বৈশিষ্ট্য, কারণ তাঁদের কষ্ট তিনি নিজের চোখে দেখেছেন। শহরের শীতাতপ নিয়ন্ত্রিত সভা-সমিতির চেয়ে গ্রামের হাট কিংবা নদীভাঙনের শিকার মানুষের কান্না তাঁর কাছে ছিল অনেক বেশি বাস্তব ও জরুরি।

ভাসানী উপলব্ধি করেছিলেন যে, শোষণের রূপ পরিবর্তিত হলেও শোষণ শেষ হয়ে যায় না। জমিদার প্রথা বিলুপ্ত হলেও নতুন কোনো শক্তি এসে সেই শূন্যস্থান দখল করে নেয়। তাই তাঁর রাজনীতির মূল কেন্দ্রে ছিলেন কৃষক, শ্রমিক এবং বঞ্চিত মানুষ। তাঁর কাছে স্বাধীনতা মানে কেবল একটি নতুন পতাকা বা রাষ্ট্রের নাম পরিবর্তন ছিল না; বরং স্বাধীনতা ছিল শোষণমুক্ত এক মানবিক জীবনের নিশ্চয়তা।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের অন্যতম বিস্ময়কর দিক ছিল তাঁর ভাঙার সাহস। তিনি যেমন সংগঠন গড়েছেন, তেমনি প্রয়োজনে সেই সংগঠন ছেড়ে বেরিয়ে আসার সাহস দেখিয়েছেন। তিনি দল প্রতিষ্ঠা করেছেন, আবার সেই দলের সীমাবদ্ধতার কঠোর সমালোচনাও করেছেন। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা রাজনৈতিক কাঠামোকে তিনি চূড়ান্ত সত্য হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না। দলের স্বার্থের চেয়ে মানুষের স্বার্থ ছিল তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানীকে নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ তাঁকে অভিহিত করেছেন 'মজলুম জননেতা' হিসেবে, কেউ বলেছেন 'লাল মওলানা', আবার কেউ মনে করেছেন তিনি একজন কমিউনিস্ট। অসংখ্য মানুষ তাঁকে পীর হিসেবে শ্রদ্ধা করতেন। অন্যদিকে, শাসকরা তাঁকে বিদ্রোহের প্রতীক হিসেবে ভয় পেতেন। একেকজন মানুষ ভাসানীকে একেকভাবে দেখেছেন, কিন্তু কোনো একক পরিচয় তাঁকে পুরোপুরি সংজ্ঞায়িত করতে পারেনি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন যেন একইসাথে দরবেশ ও বিদ্রোহী। তিনি ধর্মের ভাষায় কথা বলতেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো দ্বিধা করেননি। গরিব মানুষের কথা বলতেন, তবে তাঁদের আবেগকে রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করেননি। তিনি বিপ্লবের স্বপ্ন দেখতেন, কিন্তু অন্ধ হিংস্রতার সমর্থক ছিলেন না।

পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভাসানীর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ছিল অনন্য। তিনি কেবল বাংলার নেতা ছিলেন না, বরং বিশ্বের পরিবর্তনশীল রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। মাও সে-তুং, ফিদেল কাস্ত্রো, গামাল আবদেল নাসের এবং জওহরলাল নেহরুর মতো বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ ছিল। তবে বিশ্বনেতাদের সঙ্গে ওঠাবস করেও তিনি বাংলার সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই থেকেছিলেন।

হয়তো এই কারণেই ভাসানীর ব্যক্তিত্বে এক ধরণের রহস্যময়তা ছিল। তিনি ক্ষমতা কামনা করেননি, অথচ ক্ষমতাবানরা তাঁকে ভয় পেতেন। নির্বাচনের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেও মানুষের শক্তির ওপর তাঁর আস্থা ছিল অটুট। বিপ্লবের প্রতি সহানুভূতিশীল হয়েও সশস্ত্র রাজনীতির ব্যাপারে তিনি ছিলেন সতর্ক। ব্যক্তিত্বের এই জটিলতা তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রকৃতপক্ষে, ভাসানীর মধ্যে এমন কিছু গুণ ছিল যা রাজনীতির সাধারণ হিসাবের বাইরে। তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর পোশাক, ভাষা, জীবনযাপন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে এক কিংবদন্তিতে পরিণত করেছে।

যাঁরা স্থিতাবস্থায় বিশ্বাসী এবং নির্বিঘ্নে ক্ষমতার চর্চা করতে চান, তাঁদের কাছে তিনি ছিলেন অপছন্দনীয়। মওলানাকে তাঁরা মনে করতেন এক ঝামেলা সৃষ্টিকারী বা ‘গোলমালের কারিগর’। আসলে তিনি কে ছিলেন, তা নিয়ে শেষ কথা বলা সহজ নয়। তাঁকে ঘিরে রয়েছে এক অদ্ভুত রহস্য। বাংলার কবি ও সাহিত্যিকেরা তাঁকে কেবল রাজনৈতিক নেতা হিসেবে দেখেননি, বরং দেখেছেন এক প্রতীক হিসেবে। কবি আল মাহমুদ তাঁর মাথাকে তুলনা করেছিলেন হারিয়ে যাওয়া এক পর্বতের স্মৃতির সঙ্গে। কবি লিখেছেন:

“মওলানার টুপিওয়ালা উঁচু মাথাটি যেন

এক হারিয়ে যাওয়া পর্বতের স্মৃতি।

আমি এই পর্বতের পাশে মাঝে মধ্যে যেতাম

স্নিগ্ধ, যেন নিজের মধ্যে সমাহিত এক বাতাসের ফুৎকার।/

বলতেন, কবিতা দিয়ে কী হবে? আগে চাই স্বাধীনতা,

তারপর ভাত-কাপড়।”

আসলে ভাসানীর মধ্যে এমন কিছু ছিল, যা রাজনীতির হিসাবের বাইরে। তিনি মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছিলেন। তাঁর পোশাক, তাঁর ভাষা, তাঁর জীবনযাপন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে এক কিংবদন্তিতে পরিণত করেছিল।

মওলানা ভাসানী ব্রিটিশ সাম্রাজ্যের উদ্ধত অহংকারের সামনে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তানি আধিপত্যের অন্ধ প্রাচীরে আঘাত করেছিলেন। সামরিক শাসনের ইস্পাত-দরজায় নির্ভীক হাতে কড়া নেড়েছিলেন। মুক্তিযুদ্ধের অগ্নিদিনে তাঁর কণ্ঠস্বর হয়ে উঠেছিল নৈতিকতার এক দীপশিখা, যা অন্ধকারের ভেতরও মানুষকে পথ চিনিয়েছিল। অথচ স্বাধীনতার সূর্য ওঠার পরও তিনি থামেননি। নতুন রাষ্ট্রের পতাকা যখন বাতাসে উড়ছিল, তখনো তিনি দেখেছিলেন মানুষের খালি থালা, কৃষকের শুকনা মুখ, অভাবের কালো ছায়া। স্বাধীনতার আনন্দের ভেতরও তিনি শুনেছিলেন অপূর্ণ প্রতিশ্রুতির আর্তনাদ। তাই তিনি আবার প্রশ্ন করেছিলেন, আবার অস্বস্তি ছড়িয়ে দিয়েছিলেন ক্ষমতার নিশ্চিন্ত ঘুমে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন ছিল নদীর মতো। কোথাও শান্ত, কোথাও ভাঙনকবলিত; কোথাও স্বচ্ছ, কোথাও ঘোলা। সেখানে ছিল ভুল, ছিল দ্বিধা, ছিল বিতর্ক, ছিল অনিশ্চয়তার কুয়াশা। কিন্তু ইতিহাস মানুষকে বিচার করে না শুধু তার নির্ভুলতার মাপকাঠিতে। ইতিহাস শেষ পর্যন্ত খোঁজে, একজন মানুষ কার পাশে দাঁড়িয়েছিল।

মওলানা ভাসানী ক্ষমতার মালিক নন, বরং ক্ষমতার সামনে দাঁড়ানো এক প্রশ্ন। ক্ষমতা কার জন্য? প্রাসাদের জন্য, নাকি কুঁড়েঘরের জন্য? শাসকের জন্য, নাকি মানুষের জন্য? যত দিন এই প্রশ্ন পৃথিবীর বুক থেকে মুছে না যাবে, যত দিন কোনো ক্ষুধার্ত শিশু আকাশের দিকে তাকিয়ে থাকবে, যত দিন কোনো কৃষক ফসলের মাঠে ঘাম ঝরাবে অথচ ন্যায্য অধিকার পাবে না, তত দিন মাওলানা ভাসানীর ছায়াও বাংলার ভেতর দিয়ে হেঁটে বেড়াবে।

আজও শীতের কুয়াশায় ঢাকা কোনো ভোরে, ব্রহ্মপুত্রের ভাঙনপাড়ে কিংবা ধানের খেতের মৃদু বাতাসে তাঁর উপস্থিতি অনুভব করা যায়। মনে হয়, সাদা পাঞ্জাবি পরা এক দীর্ঘকায় মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন দিগন্তের দিকে। তিনি যেন আজও একই প্রশ্ন রেখে যাচ্ছেন বাংলার কাছে।

— মহিউদ্দিন আহমদ
লেখক ও গবেষক
(মতামত লেখকের নিজস্ব)