‘এটি আমার শরীরেরই একটি অংশ। তাই আমি আমার শরীরের একটি অংশই তোমাদের দিচ্ছি। দয়া করে এর যত্ন নিয়ো।’

বক্তার নাম জানলে শরীরের কোন অংশের কথা বলা হচ্ছে তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না। তিনি আর কেউ নন, ক্রিকেট বিশ্বের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে ‘শরীরের অংশ’ বলতে তিনি এখানে বুঝিয়েছেন তাঁর প্রিয় ক্রিকেট ব্যাটকে।

মাঠে টেন্ডুলকারের ব্যাটিংয়ের ভঙ্গি বা স্ট্যান্স দেখলে মনে হতো, হাতে ধরা ব্যাটটি যেন তাঁর শরীরেরই অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ ২৪ বছরের বর্ণিল ক্যারিয়ারে উইলোর সেই টুকরো খণ্ড দিয়েই কোটি কোটি ভারতীয় এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমিকদের মনে আনন্দ ছড়িয়েছেন তিনি। টেন্ডুলকারের হাতে ব্যাট থাকলে ভারত সবসময়ই ভরসা খুঁজে পেত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর গ্রহণের ১৩ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে সেই সব পুরনো স্মৃতিগুলো আবারও জীবন্ত হয়ে ওঠে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ব্যবস্থাপনায় পরিচালিত এই জাদুঘরে নিজের ক্যারিয়ারের স্মৃতিবিজড়িত ২৫টি ব্যাট উপহার দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েকের উপস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক এই তারকা তাঁর ব্যাটগুলো হস্তান্তর করেন।

‘ব্যাটোগ্রাফি’ নামক এই বিশেষ সংগ্রহশালাটি কেবল কিছু পুরনো ব্যাটের প্রদর্শনী নয়, বরং প্রতিটি ব্যাটের সাথে জড়িয়ে আছে টেন্ডুলকারের জীবনের একেকটি বিশেষ গল্প। শৈশবে পাওয়া অপ্রত্যাশিত উপহার থেকে শুরু করে ২০১৩ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর শেষ টেস্ট ইনিংসে ব্যবহৃত ব্যাটটিও এখানে সংরক্ষিত করা হয়েছে।

ব্যাটের সাথে টেন্ডুলকারের সখ্যতা শুরু হয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে। তাঁর বড় বোন সবিতা কাশ্মীর ভ্রমণ শেষে তাঁকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। সেই স্মৃতিচারণ করে টেন্ডুলকার বলেন, ‘আমার বোন সবিতা তাই কাশ্মীরে বেড়াতে গিয়েছিল। আশা করেছিলাম তিনি সেখান থেকে আখরোট, আপেল ও অন্যান্য জিনিস নিয়ে আসবেন। কিন্তু এর বদলে তিনি যখন আমাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিলেন, ভীষণ খুশি হয়েছিলাম। এর পর থেকে সেই ব্যাটটি সব জায়গায় আমার সঙ্গী হয়ে থাকত।’

পরবর্তীতে তাঁর বড় ভাই অজিত এবং কোচ রমাকান্ত আচরেকার তাঁকে প্রথম চামড়ার বলের উপযোগী ব্যাট কিনে দেন, যা ছিল একটি সাইমন্ডস ব্যাট। ১২ বছর বয়সী টেন্ডুলকারের জন্য সেই ব্যাটটি ছিল বেশ ভারী, তবে সেটি তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে তিনি অন্য কোনো ব্যাট নিতে রাজি হননি।

সেই সময়ের কথা মনে করে টেন্ডুলকার বলেন, ‘১৯৮৫ সালে আমি প্রথম চামড়ার বলের ব্যাট পাই। আচরেকার স্যারের সঙ্গে গিয়েছিলাম। একটি ব্যাট দেখামাত্রই আমার পছন্দ হয়ে যায় এবং ঠিক করি ওটাই নেব। ষষ্ঠ শ্রেণি থেকে আমি ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে শুরু করি। আমার বড় ভাই বাবার সঙ্গে কথা বলেন এবং বাবা আমাকে আলাদা একটি ব্যাট কিনে দেন। সেটি ছিল বড় আকারের ব্যাট ও আমার বয়সের তুলনায় বেশ ভারী; কিন্তু আমি ওই ব্যাটটিই নিতে নাছোড়বান্দা ছিলাম।’

ক্রিকেটার হিসেবে সফলতার পাশাপাশি টেন্ডুলকারের জীবনে পারিবারিক মূল্যবোধের প্রভাব ছিল অত্যন্ত গভীর। ১৯৯৬ সালের বিশ্বকাপে তাঁর ব্যাটে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্টিকার ছিল না। কারণ, তাঁর পরিবার সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি কখনোই মদ বা তামাকজাত পণ্যের প্রচার করবেন না। এই বিষয়ে টেন্ডুলকার বলেন, ‘বাড়িতে আমরা, পুরো পরিবার মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনোই মদ বা তামাকের প্রচার করব না। এর ফলে প্রায় দুই বছর আমার ব্যাটে কোনো স্টিকার ছাড়াই খেলতে হয়েছিল।’

সেই বিশ্বকাপের সময় একটি বিদেশি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাঁকে চুক্তির প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। কারণ, স্টিকারহীন ব্যাট দিয়েই তিনি কেনিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। তাই তিনি বলেছিলেন, ‘না, আমি এখন কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছি। স্টিকারহীন ব্যাট দিয়ে রানগুলো করা আমার কাছে অমূল্য। বিশ্বকাপ শেষ হলে আমরা কথা বলব। আপাতত পুরো বিশ্বকাপ আমি স্টিকার ছাড়া ব্যাট দিয়েই খেলব।’

সংগ্রহশালার আরেকটি ব্যাটের গল্প বেশ চমকপ্রদ। ২০০৯ সালে মোহালিতে সনি কোহলি তাঁকে একটি ব্যাট দেখান, যা মূলত সাবেক স্পিনার সুনীল যোশীর জন্য তৈরি করা হয়েছিল। ব্যাটটি টেন্ডুলকারের পছন্দ হয় এবং হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে সেটি তাঁর হাতে পৌঁছায়। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ব্যাটটি দিয়ে আমি একটি বলও খেলিনি। সরাসরি ব্যাগ থেকে বের করে ম্যাচে খেলতে নেমে গিয়েছিলাম—একেবারেই আনকোরা একটি ব্যাট।’

সেই আনকোরা ব্যাটটিই পরবর্তীতে তাঁর প্রিয় ‘সুপার ব্যাট’-এ পরিণত হয়। এই ব্যাটটি দিয়েই তিনি হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রান এবং গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ইতিহাসের প্রথম দ্বিশতক হাঁকিয়েছিলেন।

ব্যাটের প্রতি এই অগাধ ভালোবাসার পেছনে ছিল বাবার বিশেষ উপদেশ। বর্তমানে ৫৩ বছর বয়সী টেন্ডুলকার বিশ্বাস করেন, একজন ব্যাটসম্যানের উচিত তাঁর ব্যাটকে সর্বোচ্চ যত্নে রাখা। বাবার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার বাবা বলতেন, নিজের জিনিসপত্র সব সময় নিজের কাছে রাখা উচিত। এর মধ্যে তোমার প্রতিভাও পড়ে। এটা ঈশ্বরপ্রদত্ত উপহার। তাই একে আগলে রাখতে হবে ও পূজা করতে হবে। ব্যাট ছুড়ে ফেলবে কেন? এতে কী অর্জন হবে? নিজের প্রতিভাকে অসম্মান করবে কেন?’

২৫টি ব্যাট ছাড়াও এই সংগ্রহশালায় রাখা হয়েছে টেন্ডুলকারের প্রথম হেলমেট, মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ব্যবহৃত জার্সি, ২০০তম টেস্টে পরা ভারতের জার্সি ও হেলমেট। এমনকি ওয়াংখেড়েতে বিদায়ী ভাষণের সময় তিনি যে কাগজে মূল পয়েন্টগুলো লিখেছিলেন, সেটিও এখানে সংরক্ষিত।

২০১১ বিশ্বকাপজয়ী এই তারকা সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচের ৭৮২টি ইনিংসে তাঁর মোট রান ৩৪ হাজার ৩৫৭, ব্যাটিং গড় ৪৮.৫২। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ১০০টি সেঞ্চুরি ও ১৬৪টি হাফ সেঞ্চুরি।