কিছু আলোকচিত্র মুহূর্তকে স্তব্ধ করে দিতে পারে, আবার কিছু ছবি চোখের সামনে ভেসে তোলে সময়ের দীর্ঘ পথচলার গল্প। একই মানুষ, একই অমলিন হাসি আর হাতে একটি ক্রিকেট ব্যাট—শুধু মাঝখানে বয়ে গেছে দীর্ঘ ৪৯টি বছর।
একটি ছবির বাঁ পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটি ছেলেকে। কোঁকড়া চুল আর মুখে দুষ্টুমিভরা হাসি, হাতে ধরা একটি ক্রিকেট ব্যাট। ছবিটা সাদা-কালো। আর ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে সেই একই মানুষটিকে। চুলে এখন বয়সের ছাপ, মুখে একজন পরিণত মানুষের হাসি। পরনে নীল শার্ট ও জিন্স। হাতে সেই ক্রিকেট ব্যাটটিই রয়েছে। এমনকি দাঁড়ানোর ভঙ্গিটিও প্রায় একই রকম।
দুইটি ছবির এই মানুষটি আর কেউ নন, তিনি ক্রিকেটের এক বিস্ময়কর অধ্যায়ের নাম শচীন টেন্ডুলকার। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই বিশেষ ছবিটি পোস্ট করেছেন। ছবির সাথে হিন্দিতে একটি বাক্য লিখেছেন তিনি, যার বাংলা অর্থ হলো, “প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!”
কথাটি যেমন অদ্ভুত সুন্দর, তেমনি আবেগঘন। একটি ব্যাট আর একটি শিশুর স্বপ্ন—আর সেই স্বপ্নের পেছনে অবিরাম ছুটে চলা একদিন তাকে বিশ্বজয়ের মুকুট এনে দিয়েছে।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শচীন টেন্ডুলকার। শৈশবে যখন প্রথমবার হাতে ব্যাট তুলে নিয়েছিলেন, তখন কি তিনি জানতেন যে এই ব্যাটটিই একদিন তাঁকে ক্রিকেটের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে? কে জানত, যে ছোট্ট ছেলেটি একদিন ব্যাট হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছিল, সেই ছেলেই একদিন হয়ে উঠবেন কোটি কোটি মানুষের আনন্দ ও বেদনার অবিচ্ছেদ্য সঙ্গী!
ভারতের হয়ে দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন টেন্ডুলকার। তাঁর নামের পাশে শোভিত রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড। তিনি জিতেছেন বিশ্বকাপ এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সম্মানিত খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে টেন্ডুলকারের এই দীর্ঘ পথচলার গল্প কি কেবলই রান, রেকর্ড আর ট্রফির হিসাব? মোটেই নয়।
ভারতের কোটি কোটি মানুষের কাছে টেন্ডুলকার ছিলেন এক গভীর আবেগের নাম। তাঁর প্রতিটি সেঞ্চুরিতে দেশজুড়ে উৎসব হয়েছে, আর তিনি আউট হলে নেমে এসেছে বিষণ্নতা। টেলিভিশনের সামনে বসে থাকা অসংখ্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তাঁর ব্যাটিং দেখার জন্য। কত ম্যাচ তিনি জিতিয়েছেন ভারতকে, হয়ে উঠেছেন কত কোটি মানুষের অনুপ্রেরণা!
ক্রিকেটের এই মহীরুহের জীবনে ব্যাটের সঙ্গে সম্পর্কটি কখনোই কেবল পেশাগত ছিল না, বরং তা ছিল এক গভীর ভালোবাসার সম্পর্ক। দীর্ঘ ৪৯ বছর পর শেয়ার করা এই ছবিটি যেন সেই নিঃস্বার্থ ভালোবাসারই এক জীবন্ত দলিল।
হঠাৎ করে চার বছর বয়সে তোলা এই স্মৃতিময় ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পেছনে একটি বিশেষ উপলক্ষ রয়েছে বলে ধারণা করা যায়। ১৯৮৯ সালের এই দিনেই ব্যাট হাতে ভারতের হয়ে প্রথমবার আন্তর্জাতিক মাঠে নেমেছিলেন শচীন টেন্ডুলকার!