ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে পুরো পোস্টটিতে তিনি দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে বঞ্চনার অভিযোগ তুলে ধরেছেন।
কফিল উদ্দিন মামুন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা কিন্তু শুধুই ১৭ বছর নয় সেই জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছি, নির্যাতন, জেল-জুলুম ফেরারি জীবনযাপন করেছি, এই দলের জন্য দুই ভাই শহীদ হয়েছে, কী নির্মম নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছে তা নিশ্চয়ই দলের নেতাসহ তৃণমূলের সকলেই জানেন, তবুও পালিয়ে যাইনি। শুধুমাত্র আজকে দেশনায়ক তারেক রহমান সাহেবকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখব বলে, কিন্তু তাই বলে জেলার নেতারা যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারেন না, যাকে ইচ্ছে তাকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবেন!!! আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আপনারা এভাবে নষ্ট করতে পারেন না, আপনারা কি পারবেন আমার ভাইদের ফিরিয়ে দিতে?”
তিনি আরও প্রশ্ন করেন, “এই প্রশ্ন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ভাইসহ সংশ্লিষ্ট সকলের নিকট রইল, গত আট-নয় মাসে অনেক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি হয়েছে যেখানে অনেকেই অধিষ্ঠিত হয়েছেন যারা বিগত ১৭ বছর কোনো আন্দোলন সংগ্রামে তো ছিলই না শুধু তারা আমাদেরকে দেখলেই এড়িয়ে চলত,অথচ!!!! আপনারা কোনে প্রকার প্রতিকার করেননি, এই ধরনের সিদ্ধান্তের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি, যেখানে সেলিম সাহেবদের জয়জয়কার যেখানে ত্যাগীরা নিগৃহীত সেখানে ভালো কিছু আশা যায় না, তাই আমি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফেনী জেলা কারাগার-২ এর বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামের এক ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই নিয়োগের বিষয়ে কফিল উদ্দিন মামুন ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে লিখেছেন, “তিনি কারা পরিদর্শক হয়েছেন। এই ব্যক্তি গত দুই যুগ দলের মিছিল, মিটিং, মিলাদ, জানাজাসহ কোনো প্রোগ্রামে উপস্থিত ছিল কেউ প্রমাণ দিতে পারবেন না, দল এখন ক্ষমতায় তাই এই সকল অতিথি পাখিদের জয়জয়কার, কেউ কিছু বলেন না কারণ কোথাও না কোথাও হিসেবে গন্ডগোল হয়ে যেতে পারে, তবে আমি এই নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাই, এভাবে চলতে থাকলে আপনাদেরকে ও একদিন প্রতিরোধের মধ্যে পড়তে হবে তৃণমূল নেতাকর্মীদের কাছে।”
এই পুরো বিষয়টি নিয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল মুক্তকণ্ঠকে জানান, তিনি জানতে পেরেছেন যে সম্প্রতি ঘোষিত ফেনী কারাগার-২ এর বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ঘটনাটি নিয়ে রাগে ও অভিমানে জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তবে আলাল উদ্দিন আলাল আরও জানান, এ বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো লিখিত দরখাস্ত পাননি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলের ত্যাগীদের বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করলে ভবিষ্যতে দল ত্যাগীদের সংখ্যা বেড়ে দল শূন্য হয়ে যেতে পারে।