রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন প্রান্তে সহিংস কার্যক্রমে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ২৯টি জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশেষ করে এসব এলাকায় সম্ভাব্য সড়ক অবরোধ, ঝটিকা মিছিল এবং শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারি আরও জোরদার করেছে। গত নভেম্বরের শুরু থেকেই ঢাকা, গোপালগঞ্জ, খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। গোয়েন্দা সংস্থাগুলো রাজধানী ও এর আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করার তথ্য পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
গাজীপুরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সাম্প্রতিক সময়ে এই সংগঠনের দৃশ্যমান তৎপরতা খুব বেশি না থাকলেও, ডিসেম্বর মাসকে সামনে রেখে নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রস্তুতি চলছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। এই প্রক্রিয়ায় অন্তর ও তার অনুসারীদের মাঠে নামানোর পেছনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।
অন্যদিকে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির মোড়লের নামও সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার আলোচনায় উঠে এসেছে। সূত্রের দাবি, ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের বাইরেও বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা রয়েছে তার। এই পরিকল্পনার আওতায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রীপুরের কয়েকটি নির্দিষ্ট এলাকায় দায়িত্ব বণ্টনের কথা জানা গেছে। এসব কর্মকাণ্ডের পেছনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনার বিষয়েও অভিযোগ উঠেছে, যদিও এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া নাসির মোড়লের অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও ভিডিও বার্তায় ডিসেম্বরের কর্মসূচিকে সামনে রেখে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং কোথাও কোথাও থানা ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকাটিকেও সম্ভাব্য রাজনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে যে, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর অনুসারীদের মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক রাজনৈতিক নেতাদের অনুসারীদের ভূমিকা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী ওয়ালীউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়ে আড়াইহাজারের আলী হোসেন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
একইভাবে রূপগঞ্জ এলাকাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় নজরদারিতে রয়েছে। রাজধানীর প্রবেশপথ এবং একটি বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় সেখানে সম্ভাব্য অবরোধ, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এদিকে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সরকারের ভেতরেই কিছু কর্মকর্তার কর্মকাণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের কিছু কর্মকর্তার পাশাপাশি সচিবালয়ের ভেতর থেকেও কয়েকজন কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, গোপন তথ্য সরবরাহ করা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান সরকারের আমলেও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই কয়েকজন জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হতে পারে।