দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে এখন যুক্ত হচ্ছেন তৃতীয় প্রজন্মের সদস্যরা। এই ধারাবাহিকতায় শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনকে পিএইচপি গ্লাস এবং পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পারিবারিক ব্যবসার উত্তরসূরি তৈরি এবং নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনের এই দায়িত্ব গ্রহণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে পিএইচপি কর্তৃপক্ষ।

পিএইচপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান ও বিপণন বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন। উচ্চশিক্ষা সমাপ্তির পর তিনি পিএইচপি ফ্যামিলিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে তার পেশাদার জীবন শুরু করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পর্যায়ক্রমে বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালনের পর এবার দুটি প্রতিষ্ঠানের ডিএমডির দায়িত্ব অর্পণ করা হলো তাকে।

পিএইচপি জানায়, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিক্টর মহসিন ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্য অর্জনে তিনি নিয়মিতভাবে দেশের বিভিন্ন শহর ও গ্রাম এলাকায় বাজার পরিদর্শনে যান। এসব পরিদর্শনের সময় তিনি বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, যার মাধ্যমে বাজারের বর্তমান চাহিদা, পরিবর্তন এবং নতুন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এই প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রম ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা সাজান।

পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন পিপলস ইনস্যুরেন্সের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে কর্মরত। শিল্প ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন খাতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। চট্টগ্রাম নগরে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইস্পাত, কাচ এবং অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পিএইচপি ফ্যামিলির বিস্তৃত কার্যক্রম পরিচালিত হচ্ছে।