বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে নেমে এসেছেন শ্রমিকরা। তাদের এই আন্দোলনের মুখে অবরোধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগরা ও চৌরাস্তা এলাকায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে সরাসরি মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ওই মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি বাসা থেকে বের হয়ে কারখানার দিকে রওনা হন। তবে কারখানায় পৌঁছে তারা কাজে যোগ দেওয়ার পরিবর্তে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে ভোগরা, চৌরাস্তা এবং তিনসড়ক এলাকার কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কের ওপর অবস্থান নেন। তাদের এই অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ বিষয়ে জানান, “বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।”