বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের ক্রমাগত চাপের মুখে অবশেষে সিদ্ধান্ত নিলাম, এবার পাসপোর্ট করতেই হবে। আড্ডার মাঝে যখনই দেশের বাইরে ভ্রমণের প্রসঙ্গ আসত, আমি তখন একদম চুপ হয়ে যেতাম। কারণটি ছিল খুব সাধারণ—আমার কোনো পাসপোর্ট নেই। "তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার পাসপোর্ট নেই"—এই ধরনের লাঞ্ছনা ও গঞ্জনা আর সহ্য করার ক্ষমতা আমার ছিল না। তাই প্রচণ্ড জেদ নিয়ে আমার এক ছোট ভাইকে জানালাম, ‘পাসপোর্ট করব!’
আমার কথা শুনে ছোট ভাই উদাস গলায় উত্তর দিল, ‘দুই বছর ধরে শুনতেছি। একবার ফরম ফিলাপও করে দিলাম। ছবি তুলতে গেলেন না!’
ছোট ভাইয়ের কথাটি ছিল একদম সত্য। গতবার যেদিন ছবি তুলতে যাওয়ার কথা ছিল, সেদিন সকালে আমার মনে হয়েছিল যে পাসপোর্টের চেয়ে ঘুম অনেক বেশি আরামদায়ক। তাছাড়া বিদেশে গিয়ে আমি আসলে কী করব? নিজের দেশ বাংলাদেশটাই তো এখনো পুরোটা ঘুরলাম না। তখন মনে পড়ল রবীন্দ্রনাথের সেই কথা, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া’ টাইপ কী যেন…
এইসব চিন্তা করতে করতেই আমি আবার গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। তবে এবার আর সেই ভুল করিনি। আমি ছোট ভাইকে বললাম, ‘আমরা পুরোনো কথা নিয়ে পড়ে থাকি বলেই আমাদের উন্নতি হয় না। সব বাদ। তুই বল, কী করতে হবে।’
ছোট ভাইয়ের সাহায্য নিয়ে আমি ফরম ফিলাপ করলাম এবং প্রয়োজনীয় সব কাগজপত্র জোগাড় করলাম। এবার আর ছবি তোলার দিনে রবীন্দ্রনাথের কবিতা আওড়ে আলসেমি করিনি।
পাসপোর্ট অফিসে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তিন তলায় প্রায় ঘণ্টাখানেক একটি কাউন্টারে লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দেওয়ার পর শুনলাম, এনআইডির ভেরিফিকেশন প্রয়োজন। এর জন্য আমাকে নিচতলায় যেতে হবে।
নিচতলায় গিয়ে আবারও একটি দীর্ঘ লাইনে দাঁড়ালাম। আধা ঘণ্টা পার হওয়ার পর যখন দেখলাম লাইনের গতি একদম নেই, তখন বিরক্ত হয়ে ভাবলাম, বরং একজন দালাল ধরি। এরপর অনেকক্ষণ এদিক-ওদিক খুঁজলাম, কিন্তু দালালের মতো হাবভাবের কাউকে দেখলাম না। আমি অবাক হয়ে ভাবলাম, বাংলাদেশ এত ভালো হয়ে গেল কবে!
অবশেষে দারোয়ানের মতো দেখতে একজনকে জিজ্ঞেস করলাম, ‘আশপাশে দালাল নাই?’
ভদ্রলোক অবাক হয়ে বললেন, ‘কিয়ের দালাল! এইখানে কুনো দালাল নাই!’
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘সত্যি?’
তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন, ‘বিশ্বাস না হইলে খুঁজেন। পাইলে আমারে আইসা কইয়েন সত্য কইছি নাকি মিথ্যা কইছি!’
আমি তীব্র অবিশ্বাস নিয়ে সতর্ক দৃষ্টিতে চারপাশে দালাল খুঁজতে শুরু করলাম। আমার এই অদ্ভুত হাবভাব দেখে মনে হচ্ছিল, আমি নিজেই হয়তো একজন দালাল!
কিন্তু সত্যিই অবিশ্বাস্য ব্যাপার, একজন দালালও খুঁজে পেলাম না। প্রচণ্ড বিরক্তি নিয়ে আমি আবারও সেই লাইনের পেছনে এসে দাঁড়ালাম। সময় কাটানোর জন্য সামনের ব্যক্তিকে বললাম, ‘ভাই, বাংলাদেশ তো বদলে গেছে। এতক্ষণ খুঁজেও দালাল পেলাম না।’
তখনই ভদ্রলোক নিচু গলায় আমাকে বললেন, ‘আপ্নের গলায় মুক্তকণ্ঠের কার্ড ঝুলানি আছে। আপ্নে হইতেসেন সাংবাদিক। আপ্নের কাসে দালাল আইবনি!’
নিজের বুকের দিকে তাকিয়ে আমি সত্যিকার অর্থেই বেকুব হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম, এতক্ষণ ধরে আমি অফিসের পরিচয়পত্র গলায় ঝুলিয়েই দালাল খুঁজছিলাম!
যাহোক, দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বিভিন্ন লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার কপাল খুলল এবং ছবি তোলার সুযোগ এল। ততক্ষণে প্রচণ্ড গরমে ও ঘামে আমি প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছি। কোনোমতে ঘাম মুছে ছবি তুললাম। কিন্তু ছবি দেখার পর দেখলাম আমাকে চেনা যাচ্ছে না; মনে হচ্ছে কোনো দাগি আসামি। খুব মন খারাপ করে আমি জিজ্ঞেস করলাম, ‘আমার ছবিটা কি আরেকবার তোলা যায়?’
ছবি তোলা ভদ্রমহিলা একবার আমার দিকে তাকালেন এবং কড়া গলায় বললেন, ‘আজ চাপ বেশি, সময় নাই। তা ছাড়া আরেকবার ছবি তুললে লাভ হবে না। এ রকম ছবিই আসবে।’