রাজধানীর বিমানবন্দর থানাধীন জসিমউদ্দিন মোড়ে পুলিশের তল্লাশির সময় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খানের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক নুরুল আমিন হাসান মুক্তকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক হাসান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিমানবন্দরের জসিমউদ্দিন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়েছিল। ওই সময় তিনি পুলিশি তল্লাশির ভিডিও করছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুজন যাওয়ার সময় পুলিশ তাদের সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। সেই দৃশ্য ভিডিও করার সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খান তাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসেন এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালান।
এ বিষয়ে সাংবাদিক হাসান বলেন, ‘ওই সময় ইমরান হুমকি দিয়ে বলেন, আপনি ভিডিও করছেন কেন? আপনার সাংবাদিকতা আপনার কাছে রাখেন। আপনি তো স্বৈরাচারের দোসর।’
এ সময় ইমরান আরও বলেন, ‘আমি একজন ছাত্রনেতা, ভিডিও করতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করা লাগবে। আমি প্রোগ্রাম শেষ করে আসছি, উত্তরের ছাত্রদলের সভাপতিকে বিদায় দিয়ে আসছি।’
সাংবাদিক হাসান আরও জানান, ওই সময় ইমরান খান বিভিন্ন কথা বলে হুমকি দেন এবং বাজে ব্যবহার করেন। পুলিশের উপস্থিতিতেই সেখান থেকে চলে যান তিনি।
ঘটনার মুহূর্তে সেখানে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। হুমকির বিষয়টি সঙ্গে সঙ্গেই তাকে জানান ভুক্তভোগী সাংবাদিক। তখন ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘এখন কেউ আমাদেরকে মারধর করলেও আমরা কিছু বলব না। তারপরও বলব চলে যায়, যাক।’
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে মুক্তকণ্ঠকে তিনি বলেন, রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ নাশকতা করতে পারে এমন খবরে কর্মসূচি ডাকা হলে দ্রুত সেটাতে অংশগ্রহণ করতে তাড়াহুড়ো করে বের হওয়াতে হেলমেট নেওয়া হয়নি। পুলিশ চেকপোস্ট বসালে আমরা পুলিশ সদস্যদের অনুরোধ করি, আইনগত যে ব্যবস্থা নেওয়ার তা যেনো নেয়। এ সময় ওই সাংবাদিক আমাদের ভিডিও করতে শুরু করেন।
তিনি বলেন, আমি অনুরোধ জানাই যেনো আমাদের ভিডিও না নেন। এরপরও উনি ভিডিও করতে থাকেন। পরে আমাদের আলাপের পুরো ভিডিও না ছেড়ে উনি আংশিক ভিডিও ছেড়েছেন।