প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় (১৬ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সিলেট জেলায় পৌরসভার মোট সংখ্যা বেড়ে ছয়টি হয়েছে।
নির্বাচনের মাত্র ৯ মাস অতিবাহিত হওয়ার মাথায় এই বিশেষ প্রাপ্তি স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে। সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি এবং গত ২৫ ফেব্রুয়ারি প্রেরিত একটি আধাসরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, উপজেলার দুটি ইউনিয়নের মোট ১২টি মৌজা নিয়ে এই নতুন পৌরসভাটি গঠিত হয়েছে। এর অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো— ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজার অংশবিশেষ এবং ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার অংশবিশেষ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী ও বাহারুল আলম বাহার জানান, মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলের মানুষ কোনো দাবি ছাড়াই এই উপহার পেয়েছেন, যা এলাকার উন্নয়নকে বহুগুণে বাড়িয়ে দেবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সরকারও এই সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
পৌরসভা অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে উপজেলা সদরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয় এবং সন্ধ্যায় মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এর মাধ্যমে জৈন্তাপুরে পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।