হেমন্তের আগমনে প্রকৃতিতে শীতের আমেজ। আর এই সময়েই নতুন ধান ঘরে তোলার আনন্দ নিয়ে উদযাপিত হয় বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন। সেই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব’। গান, নাচ, আবৃত্তি এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সমন্বয়ে পুরো উৎসবস্থল জুড়ে ছিল উৎসবের আমেজ।
পয়লা অগ্রহায়ণ তারিখের সকাল সাড়ে সাতটায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মাধ্যমে এবারের উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের ব্যবস্থাপনায় এই উৎসবটি দুই পর্বে বিভক্ত ছিল। সকালের পর্বটি চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এবং বিকেলের পর্বটি শুরু হয় বিকেল চারটায়, যা শেষ হয় রাত সাড়ে আটটায়।
উদ্বোধনী বাঁশির সুরের পর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’। এরপর পর্যায়ক্রমে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি। সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।
নৃত্যের ছন্দে দর্শকদের মুগ্ধ করেন বিভিন্ন দলীয় নৃত্যশিল্পীরা। দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’ দলীয় নৃত্য পরিবেশন করে। এছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।
সকাল থেকেই উৎসবস্থলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন ধরনের পিঠা, খই, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসা।
সকালের পর্বটি সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। তিনি বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ রবীন্দ্রসরোবর মঞ্চে ২৮তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই অসাম্প্রদায়িক উৎসবটি সবার মধে৵ ছড়িয়ে দেওয়া। আজ বাংলাদেশের প্রতিটি জেলার পাশাপাশি বিশ্বের যেসব দেশে বাঙালিরা আছেন, সেখানেও নবান্ন উৎসব উদ্যাপিত হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ছোটবেলায় নতুন আমন ধানের আতপ চালের জাউ আর গুড়ের যে সুবাস পেতাম, এখন আমাদের নাতি-নাতনিদের তা দেওয়ার সুযোগ হচ্ছে না। তবে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পরিষদ এই ঐতিহ্যকে জাতির সামনে ধরে রেখেছে, এ জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। নবান্ন, পয়লা বৈশাখ কিংবা ঋতু উৎসব—এসব লোকজ সংস্কৃতিই বাঙালি জাতির শিকড়। লোকজ সংস্কৃতিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না, সবাই মিলেমিশে আনন্দ করে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং দেশ ও সমাজ গড়তে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।’
বিকেলের পর্বে একক ও দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি, সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং এস এম মেসবাহ, অবিনাশ বাউল, তামান্না নিগার তুলিসহ একদল শিল্পী অংশগ্রহণ করেন।