সোনালী ব্যাংক পিএলসির সিলেট মহানগরীর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার, ফোনে দুটি ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট যুক্ত থাকা এবং মাত্র সাত দিনে মোট ৩৯টি লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে তারা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আগ্রহী নয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাংক চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিস্তারিত তথ্য জানান কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ওয়ারিসুল ইসলাম।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, গ্রাহক ড. দিলীপ কুমার দাশ চৌধুরী তিনি কেবল বাটন ফোন ব্যবহার করেন বলে দাবি করলেও, তদন্তে দেখা গেছে তিনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন। ওই স্মার্টফোনে দুটি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ছিল। এর মধ্যে একটি তার নিজের বলে শনাক্ত করা গেলেও, অন্য ফিঙ্গারপ্রিন্টটি কার ছিল, সে বিষয়ে গ্রাহক কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে ব্যাংক জানিয়েছে। এছাড়া ফোনটির এসএমএস অপশন বন্ধ রাখা হয়েছিল এবং ‘মাইজিপি’ অ্যাপটি একাধিক ডিভাইসে লগইন করা অবস্থায় পাওয়া গেছে।
ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের ব্যবধানে মোট ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে যে, এই লেনদেনগুলোর অধিকাংশই হয়েছে মধ্যরাতে। এত অল্প সময়ের ব্যবধানে একবারে লেনদেন না করে টানা সাত দিন ধরে মধ্যরাতে ৩৯ বার লেনদেনের বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ গভীর সন্দেহ প্রকাশ করেছে।
তদন্তে আরও উঠে এসেছে যে, গ্রাহকের অ্যাপ ব্যবহার করে তার নিজের মোবাইল নম্বরেই রিচার্জ করা হয়েছে। পাশাপাশি নয়টি ভিন্ন ব্যাংকের হিসাব, শেয়ারবাজারের একটি বিও অ্যাকাউন্ট এবং বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটার বিল পরিশোধের প্রমাণ পাওয়া গেছে।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, একই সিম নম্বর দিয়ে পরিচালিত গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি গত ৩ অক্টোবর হ্যাক হয়েছিল এবং সেখান থেকে ৩০ হাজার টাকা খোয়া গিয়েছিল। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে এজিএম মো. ওয়ারিসুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান কার্যালয়ের সহায়তায় টাকা স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি হিসাবগুলোতে ‘স্টপ পেমেন্ট’ বা ডেবিট ফ্রিজ করা হয়েছে। এর ফলে ওই হিসাবগুলো থেকে টাকা উত্তোলন বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, “চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অভিযোগ করেন, ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে তার অজান্তেই ব্যাংক হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ২০ হাজার টাকার একটি চেক ব্যাংকে পাঠানোর পর তিনি জানতে পারেন যে তার হিসাবটি শূন্য হয়ে গেছে।