গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপি দলীয় কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। আকস্মিক বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আশপাশের লোকজন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই উৎস খুঁজতে এবং পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, “আমাদের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।”

এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, “বিস্ফোরিত বস্তুগুলো ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”