ভাত খাওয়া নিয়ে তুচ্ছ বিরোধের জেরে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও মামলার এজাহারভুক্ত চার আসামি এখনো অধরা। গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বাদীপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়া পাঁচজনই আদালতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের মধ্যে একজন বর্তমানে জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে জামিনে থাকা আসামির জামিন বাতিল, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকা শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান।

তিনি বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আজমুল হোসেনকে নির্যাতন করা হয়। তার মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করা হয়। এরপর মারধর করে একপর্যায়ে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে তার মৃত্যু হয়।” এই ঘটনার পর নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় এজাহারভুক্ত চারজন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা প্রত্যেকেই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে এই জবানবন্দিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ৩০ সেপ্টেম্বর সর্বশেষ একজন গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এজাহারভুক্ত বাকি চারজন এবং অজ্ঞাতনামা আসামিদের কেউ ধরা পড়েনি। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে রয়েছেন।

তিনি আরও জানান, সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন আবেদনের শুনানির দিন ছিল, তবে আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির জন্য সময় বাড়িয়ে দেন। এর আগে ১৫ নভেম্বর আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের পক্ষে মহানগর দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিস মামলার মাধ্যমে জামিনের আবেদন করা হয়। বাদীপক্ষের আইনজীবী হিসেবে তিনি সেই আবেদনের জোরালো বিরোধিতা করেন এবং যুক্তিনির্ভর বক্তব্য পেশ করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার তদন্ত এখনো অসম্পন্ন। যারা সরাসরি নির্যাতনে অংশ নিয়েছে, যারা আজমুলকে ছাদ থেকে ফেলে দিয়েছে এবং যারা এই ঘটনার পরিকল্পনা বা নির্দেশ দিয়েছে—তাদের নিরপেক্ষভাবে উদ্‌ঘাটন করা জরুরি। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিশ্লেষণ করে প্রত্যেকের পরিচয় শনাক্ত করতে হবে।

তার মতে, আসামিরা জামিনে মুক্ত থাকলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে এবং সাক্ষী ও ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। তাই জামিনে থাকা আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে পরিবার। একই সঙ্গে সাক্ষী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিহতের বাবা কুতুব উদ্দিন মোবাইল ফোনে মুক্তকণ্ঠকে ছেলের হত্যার বিচার পাওয়া নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ছেলেকে হারানোর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার হতে দেখছেন না তিনি। একজন আসামি জামিন চাওয়ায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।

কুতুব উদ্দিন জানান, ছেলেকে দাফনের পরদিনই তিনি জানতে পারেন যে মেহেদি নামের এক ব্যক্তি আজমুলের কাছ থেকে যাওয়ার সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৩ হাজার টাকা নিয়েছিলেন। পুলিশকে বিষয়টি জানালেও পরে জানতে পারেন যে এজাহারে ওই ব্যক্তির নাম নেই। তিনি পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করেছিলেন।

তিনি অভিযোগ করেন, তদন্তের শুরুতে তার নিজেরও স্পষ্ট ধারণা ছিল না কারা তার ছেলেকে হত্যা করেছে। পরে পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু তাদের কেউ গ্রেপ্তার হয়নি। অথচ একজন আসামি জড়িত থাকার কথা স্বীকার করার পরও অন্যদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। তিনি প্রশ্ন করেন, একজন স্বীকারোক্তির পরও কেন বাকিদের গ্রেপ্তারে এত দেরি হচ্ছে?

কুতুব উদ্দিনের বিশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিক হলে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব। দীর্ঘ সময় ধরে এজাহারভুক্ত আসামিরা পলাতক থাকায় তার মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমার তো একমাত্র আশা আল্লাহর ওপর। হয়তো বিচার পাব না, এমন আশঙ্কাও হচ্ছে। আমার ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, তার ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। একজন তরুণ শিক্ষার্থীর এমন মৃত্যু কোনো পরিবারের জন্যই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি চান তার ছেলের হত্যার বিচার হোক এবং ভবিষ্যতে আর কোনো বাবা যেন এভাবে সন্তান হারাতে না হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা একটু খেয়াল করবেন, চেষ্টা করবেন, আমার ছেলের বিচার যেন হয়। আমার মতো আর কারও সন্তান যেন এভাবে হত্যার শিকার না হয়।”

মামলার অগ্রগতি ও আসামিদের গ্রেপ্তারে বিলম্বের বিষয়ে জানতে চাওয়া হলে তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, আসামিদের গ্রেপ্তারে এনআরবি, ডিবি এবং পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, “আসামিদের গ্রেপ্তার করা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ, শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।”

সংবাদ সম্মেলনে কাজী নাজমুল হাসান বলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের প্রতি আস্থাশীল হলেও দীর্ঘ সময় ধরে আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতিটি বিষয় বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, “এই মামলায় আমাদের প্রত্যাশা প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করা। আমরা চাই, তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করুন। সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাসময়ে আদালতে নির্ভুল অভিযোগপত্র দাখিল করা হোক।”

পরিশেষে তিনি বলেন, আদালতের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজমুল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং শোকসন্তপ্ত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।