এস আলম গ্রুপের অধীনে থাকা সমস্ত বন্ধ কলকারখানা দ্রুত পুনরায় চালু করা এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক ও কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে এক বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে এই মিছিলের মাধ্যমে শ্রমিকেরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে একটি স্মারকলিপি জমা দেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলের যাত্রা শুরু হয়। মিছিলটি শাহ আমানত সেতু অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরবর্তীতে শ্রমিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
শ্রমিকদের দেওয়া তথ্য এবং স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংকগুলোর অসহযোগিতা এবং ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ হয়ে যাওয়ার ফলে চলতি মূলধন ও কাঁচামালের তীব্র সংকট দেখা দেয়। এর ফলে এস আলম সুগার মিলসহ গ্রুপের বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়। দীর্ঘ আড়াই বছর ধরে এই কারখানাগুলো অচল থাকায় হাজার হাজার শ্রমিক তাদের কাজ হারিয়েছেন এবং বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
বিক্ষোভ চলাকালীন শ্রমিকেরা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বন্ধ সব কারখানা অবিলম্বে খুলে দেওয়া, আগে কর্মরত শ্রমিকদের কাজে পুনর্বহাল করা ও ছাঁটাই বন্ধ করা, ব্যাংক ও ঋণ হিসাবের জটিলতা দূর করে পর্যাপ্ত চলতি মূলধনের জোগান নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্পকারখানা বন্ধ না করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা।
এস আলম গ্রুপের চাকরিহারা শ্রমিক ও কর্মকর্তাদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন ফোরকান বাবু, হারুন উর রশিদ, নুরুল আবছার, মনসুর মিয়া এবং রফিউল কাদের।
এস আলমের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস অফিসার ফোরকান বাবু মুক্তকণ্ঠকে বলেন, “শুধু মইজ্জারটেকেই এস আলমের ১০টি কারখানা বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গ্রুপের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়। এরপরও অনেক দিন মালিক খরচ চালিয়ে নেন। একপর্যায়ে কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বেকার। আর পারছি না। তাই কারখানা চালুর বিষয়ে সরকারের সহযোগিতা চাই। ডিসি মহোদয় আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কথা বলবেন।”
এই ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।