দেশের বর্তমান পরিবর্তনের গতিপ্রকৃতি একজন তরুণীর চোখে কেমন, সেই প্রশ্নের উত্তর তিনি খুঁজছেন নিজের ভবিষ্যতের আয়নায়। পড়াশোনা শেষ করার পর মেধার মূল্যায়ন অনুযায়ী কাজ পাওয়া, নির্ভয়ে মতপ্রকাশ এবং রাস্তায় নিরাপদ চলাচলের নিশ্চয়তা—এগুলোই তাঁর কাছে প্রকৃত পরিবর্তনের মাপকাঠি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রথমা সিংহ জানান, তিনি চট্টগ্রামেরই বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম শেষ করার এই সন্ধিক্ষণে এসে তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। তিনি বলেন, “নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। কিন্তু সেই পথ কতটা খোলা, বিশেষ করে একজন নারীর জন্য—এ প্রশ্নও ভাবায়।”

বর্তমান প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে কথা বলে প্রথমা। জেন-জি হিসেবে তারা প্রশ্ন করতে জানে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে চায়। তাঁর মতে, সমাজের সুস্থ বিকাশের জন্য এই প্রবণতা অত্যন্ত জরুরি। বড়দের অভিজ্ঞতা ও কথা শোনার পাশাপাশি তিনি মনে করেন, দীর্ঘদিনের প্রচলিত প্রথা বলে কোনো কিছু বিনা প্রশ্নে মেনে নেওয়া ঠিক নয়। যে নিয়ম মানুষের অধিকার খর্ব করে কিংবা কাউকে ছোট করে, তা পরিবর্তনের দাবি তোলা প্রয়োজন।

রাজনীতির ক্ষেত্রেও তাঁর প্রত্যাশা স্পষ্ট। ভিন্নমত প্রকাশের সুযোগ, অন্যায়ের প্রতিকার এবং রাজনৈতিক পরিবর্তনের সুফল যেন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তিনি তা দেখতে চান। ক্ষমতায় যে কেউ থাকুন না কেন, নাগরিক হিসেবে তাঁদের সিদ্ধান্ত ও কাজের বিষয়ে প্রশ্ন করার অধিকারটি সংরক্ষিত থাকা উচিত বলে তিনি মনে করেন।

তবে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিয়েছেন এই শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ভিড়ে তথ্যের সত্যতা যাচাই এবং ভিন্নমতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেন। প্রতিবাদের সাহসের সঙ্গে এই দায়িত্ববোধটুকুও সমান জরুরি বলে তাঁর বিশ্বাস।

অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে প্রথমা পড়াশোনার খরচ ও কর্মসংস্থানের সুযোগের কথা তুলে ধরেন। যাতায়াত, বইপত্র এবং প্রযুক্তির ক্রমবর্ধমান খরচ একজন শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই শুধু ভর্তির সুযোগ নয়, বরং পড়াশোনা শেষ করার সামর্থ্য নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সনদের পাশাপাশি বাস্তবমুখী কাজ শেখার সুযোগ এবং নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার সঠিক মূল্যায়ন চান তিনি। বিশেষ করে চট্টগ্রামের তরুণ-তরুণীরা যেন নিজ শহরেই পেশাগত ভবিষ্যৎ গড়তে পারেন, সেই সুযোগ বাড়ানোর কথা বলেন তিনি।

নারীদের কর্মজীবনের পথে বিদ্যমান বাধাগুলো নিয়ে প্রথমা বলেন, “সুযোগ পেলেই যে তিনি তা গ্রহণ করতে পারবেন, এমন নয়। কর্মস্থলে পৌঁছানোর নিরাপদ ব্যবস্থা আছে কি না, হয়রানির অভিযোগ জানালে ব্যবস্থা হবে কি না, কাজের পরিবেশ সম্মানজনক কি না—এসবও গুরুত্বপূর্ণ।” তাঁর মতে, নিরাপত্তার উদ্বেগের কারণে নারীর সুযোগ কমিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না, বরং নিরাপত্তা নিশ্চিত করাই আসল পথ।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “একজন নারী হিসেবে আমি নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করি না। শুধু রাতে নয়, দিনের বেলায়ও বাইরে চলাফেরা নিয়ে দুশ্চিন্তা থাকে। অথচ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারা আমার অধিকার। নিরাপদ থাকার জন্য একজন নারীকে প্রতিনিয়ত নিজের পোশাক, সময় বা গন্তব্যের ব্যাখ্যা দিতে হবে কেন?”

নারীর নিরাপত্তা নিয়ে আলোচনা হলে প্রায়ই তাঁর আচরণ নিয়ে বিচার করা হয়, যার ফলে প্রকৃত অপরাধীর দায় আড়ালে চলে যায়। প্রথমা চান, অভিযোগ জানাতে গিয়ে কোনো নারীকে যেন অপমানিত হতে না হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং গণপরিবহনে নারীর নিরাপদ উপস্থিতি ও কার্যকর প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পারিবারিক কাঠামোর পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘরের কাজ ও যত্নের দায়িত্ব শুধু নারীর ওপর থাকলে বাইরের কাজে এগোনো কঠিন। পরিবারের সদস্যদের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধা ও শিশুযত্ন নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত সমতা আসবে বলে তিনি মনে করেন।

সাংস্কৃতিক জীবন নিয়েও তাঁর প্রত্যাশা রয়েছে। চট্টগ্রামের তরুণ-তরুণীরা যেন বই পড়া, নাটক দেখা, গান করা এবং মুক্ত আলোচনা করার সহজলভ্য পরিসর পান, সেই কামনা করেন তিনি। সংস্কৃতিচর্চা মানুষকে সহনশীল হতে শেখায় বলে তিনি বিশ্বাস করেন।

পরিশেষে প্রথমা সিংহ এমন একটি সমাজের স্বপ্ন দেখেন, যেখানে একজন তরুণীকে তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় বা বাধার হিসাব করতে হবে না। যেখানে মেধা, শ্রম ও মতামতের যথাযথ মূল্য থাকবে। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটিই তাঁর কাছে দেশের পরিবর্তনের প্রকৃত মাপকাঠি।