২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া অসম্ভব হওয়ায় যেকোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর প্রবল শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার আওতায় রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের বিষয়সমূহ। ঠিক একই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটের অধীনে রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন। অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটই মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে একই দিনে পরীক্ষার তারিখ নির্ধারণ করায় এই দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহী শিক্ষার্থীরা চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে, যেখানে ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরবর্তীতে ১০ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে এবং খুবির ‘সি’ ইউনিটের পরীক্ষাও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এদিকে ১১ নভেম্বর ২০২৬ বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এবং ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে তিনটি বিশ্ববিদ্যালয়ের সূচির মধ্যে সংঘাত তৈরি হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের দাবি, একই দিনে দেশের দুই প্রান্তে অবস্থিত ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই তারিখগুলো পুনর্বিবেচনা করা।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে তারিখ ঘোষণা করেছি। চবি কিংবা খুবি আমাদের নোটিশটা ফলো করতে পারত। তারপরও ইউজিসির সঙ্গে আলোচনা করে পরীক্ষা কমিটি এ বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী।’

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসান মিয়া জানান, যেহেতু আমরা আগেই ঘোষণা দিয়েছি। বর্তমান তারিখটাই বহাল থাকবে। আপাতত পরিবর্তনের সুযোগ দেখছি না। যদি পরিবর্তন করতে হয় তাহলে পরীক্ষা কমিটি আলোচনায় বসতে পারেন।

বিষয়টি নিয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমে তিনি জানান, ‘বিষয়টি অবগত হয়েছি। দুই বিশ্ববিদ্যালয়কে বিষয়টি নিয়ে জানানো হবে। আশা করি সমস্যার সমাধান হবে।’