ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। উল্লেখ্য, গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের প্রতি জাতীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল ইউজিসি।

তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। বিশেষ শর্ত সাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার আবেদনের সুযোগ পাবেন।

গতকাল বুধবার রাতে মুক্তকণ্ঠকে এই সকল তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। তিনি বর্তমানে বিজ্ঞান অনুষদের ডিন এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, “গতকাল বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে অনলাইনে আবেদনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।”

নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। তবে শর্ত থাকে যে, কোনো শিক্ষার্থী যদি দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হন, তবে তিনি আবেদন করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর মুক্তকণ্ঠকে বলেন, “দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল পাবেন। এরপরও যাঁরা অকৃতকার্য থাকবেন, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আর আবেদনের যোগ্যতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক সকল শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।