ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ প্রদান করেছেন, সেই আদেশ স্থগিত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ২৩ নভেম্বর (রোববার) এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দিয়েছেন।
গতকাল বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেন। একই সাথে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল চালু রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা এবং পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন দাখিল করে। আজ বৃহস্পতিবার চেম্বার আদালতের কার্যতালিকায় ৭ নম্বর ক্রমিকে এই আবেদনটি ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “আদালত স্থগিতাদেশ দেননি। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী রোববার নির্ধারণ করে দিয়েছেন।”
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং চতুর্থ বিষয় বাদে দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে ব্যর্থতার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন।
রিট আবেদনকারীর দাবি অনুযায়ী, এবারের উচ্চমাধ্যমিকে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের পুনরায় পরীক্ষা (এইচএসসি সম্পূরক) দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা ডিসেম্বরে শুরু হবে এবং শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যমতে ২৩ ডিসেম্বর এর ফলাফল প্রকাশিত হবে। কিন্তু এর আগেই ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে যে, ২৩ ডিসেম্বরের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। ফলে যারা উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে সম্পূরক পরীক্ষার অপেক্ষায় আছেন, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান তা বিবেচনায় নেয়নি। মূলত এই পরিস্থিতির কারণেই রিট আবেদনটি করা হয়।