মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. রেজাউল করিম ভাসাই শিকদার নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামে অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ডাসার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তদন্তকারী পুলিশ সূত্রে আরও জানা গেছে যে, রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"