চলতি বছরের ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে যে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফর করবেন। তার এই সফরের অন্যতম প্রধান কর্মসূচি হবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন। এছাড়া জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান— কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন করে কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।

দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকট ও অব্যবস্থাপনার কারণে স্থবির হয়ে পড়া কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি নিয়ে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় করার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মুক্তকণ্ঠকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”