খেলার তখন মাত্র দ্বিতীয় মিনিট। মাঠের বাঁ প্রান্তে ১০ নম্বর জার্সি পরা এক ব্যক্তি হাঁটছেন। তাঁর গতিতে কোনো তাড়াহুড়ো নেই, যেন খুব ধীরলয়ে পথ চলছেন। মনে হচ্ছিল, দীর্ঘ এই বছরগুলোতে সময় যেন তাঁর জন্যই অপেক্ষা করছিল।

তবে এই মাঠটি ক্যাম্প ন্যু কিংবা সান সিরো নয়; এটি ইতালির ব্রুনো বেনেল্লি স্টেডিয়াম। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-তে রাভেন্না এবং ফোর্লির মধ্যকার এক আঞ্চলিক ডার্বি ম্যাচ। গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন প্রায় সাত হাজার দর্শক। আর সেই ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন ৪৬ বছর বয়সী রোনালদিনিও।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর ভাই ও এজেন্ট রবার্তো আসিস আনুষ্ঠানিকভাবে জানান যে, তিনি ফুটবল থেকে অবসরে গেছেন। দীর্ঘ ১১ বছর পর, গত রোববার বিকেলে ইতালির এক ছোট শহরের মাঠে প্রথম একাদশে দেখা গেল এই ফুটবল জাদুকরকে।

ইতালিয়ান ফুটবলে রাভেন্না খুব বড় কোনো নাম নয়। এই ক্লাবের ইতিহাস দেউলিয়া হওয়ার অভিজ্ঞতায় ঠাসা, আর সাফল্যের কথা বললে সর্বোচ্চ সিরি বি পর্যন্ত পৌঁছানোর কথা বলা যায়। এই ক্লাবের প্রেসিডেন্ট ইগ্নাজিও চিপ্রিয়ানি তাঁর ব্যক্তিগত ‘আইডল’কে পুনরায় মাঠে ফিরিয়ে এনেছেন।

রোববার সকাল থেকেই বেনেল্লির গেটে দর্শকদের দীর্ঘ সারি দেখা গেছে। সব টিকিট শেষ হয়ে গিয়েছিল, এমনকি এই বিশেষ দিনের জন্য তৈরি করা অস্থায়ী ‘আর১০’ গ্যালারির ১ হাজার ৮০০ আসনও পূর্ণ ছিল। গ্যালারিজুড়ে হলুদ-লাল জার্সি, পিঠে ১০ আর তাঁর নাম, স্টেডিয়ামের দোকানে ভিড়। ম্যাচটি নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল পর্দায়ও প্রদর্শিত হচ্ছিল। রোনালদিনিও মাঠে নামার সাথে সাথেই ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় এবং স্পিকারে বেজে ওঠে আন্দ্রেয়া বোচেল্লির গান ‘টাইম টু সে গুডবাই’। রোনালদিনিওর প্রত্যাবর্তনের দিনেই যেন বেজে উঠল বিদায়ের গান!

তবে এই রোনালদিনিও আর সেই পুরনো দিনের রোনালদিনিও নন, আর সম্ভবত তিনি নিজেও তা জানতেন। ১৪তম মিনিটে বল পায়ে পাওয়ার পর তিনি যে পরিস্থিতিতে পড়েছিলেন, আগের দিনের রোনালদিনিও হলে হয়তো কাঁধ ঝাঁকিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে সামনে এগিয়ে যেতেন। কিন্তু এবার তিনি দিলেন একটি নিরাপদ পাস। কিছুক্ষণ পর বক্সের কিনারায় বল পেয়েও তিনি শট নিলেন না, বরং ওয়ান-টু খেলতে গেলেন, কিন্তু এক সতীর্থ তাঁর পা থেকেই বলটি সরিয়ে নিলেন।

তা সত্ত্বেও ৩৬তম মিনিটে দেখা গেল ‘হঠাৎ আলোর ঝলকানি’। প্রতিপক্ষকে শরীরের আড়ালে রেখে বল আগলে ধরলেন রোনালদিনিও, এরপর সেটি ঠেলে দিলেন লরেনৎসো লোনার্দির দিকে। লোনার্দির সেই পাস থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপালেন রাইট ব্যাক দোনাতি। এটিকে সরাসরি অ্যাসিস্ট বলা না গেলেও বলা যায় ‘প্রি-অ্যাসিস্ট’। গোলের পর সতীর্থদের জড়িয়ে ধরলেন রোনালদিনিও। ইএসপিএনের লাইভ ব্লগে ঠাট্টা করে লেখা হলো, উদ্‌যাপনে তিনি দৌড়ালেন ম্যাচের অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি।

এই গোলের পেছনে রয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। ছত্রিশ বছর বয়সী দোনাতির সিরি আ-তে অভিষেক হয়েছিল ২০১০ সালের আগস্টে, মিলান-লেচ্চে ম্যাচে। সেদিন তাঁর প্রধান কাজ ছিল রোনালদিনিওকে আটকানো। দীর্ঘ ষোলো বছর পর সেই দোনাতিই গোল করলেন রোনালদিনিওর পায়ের শুরু হওয়া আক্রমণ থেকে।

৪০ মিনিটের দিকে আরেকটি ছোট ঘটনা ঘটে। বল কেড়ে নিতে ব্যর্থ হয়ে রোনালদিনিওকে ফাউল করেন ফোর্লির একজন খেলোয়াড়। তবে পরক্ষণেই সেই খেলোয়াড় এগিয়ে এসে ক্ষমা চান এবং তাঁকে জড়িয়ে ধরেন। প্রতিপক্ষের জার্সিতেও যেন ফুটে ওঠে একজন ভক্তের ভালোবাসা।

প্রাথমিক পরিকল্পনা ছিল তিনি আধঘণ্টা খেলবেন, তবে তিনি পুরো প্রথমার্ধই মাঠে থাকেন। তবে তারুণ্যের সেই চটপটে শরীরের ওপর সময়ের ধুলো জমে ৪৬ বছর বয়সে যে ভারি ভাব এসেছে, তা তাঁর গতিবিধিতেই স্পষ্ট ছিল। তবুও মাঠ ছাড়ার আগে তিনি অনেকক্ষণ রাভেন্নার সমর্থকদের গ্যালারির সামনে দাঁড়িয়ে মাথা নুইয়ে অভিবাদন জানান। অতিথি সমর্থকদের দিকেও হাসিমুখে হাত তোলেন তিনি। বিরতির বাঁশিতে যখন তিনি ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন উভয় পক্ষের সব দর্শক দাঁড়িয়ে তাঁর অভিবাদন জানান। এটি ছিল এক অনন্য স্টান্ডিং ওভেশন।

ফুটবল ক্যারিয়ারে এমন বিকেল তাঁর আগেও এসেছে। ২০০৫ সালের ১৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে জিতেছিল, যেখানে দুটি গোল করে জয়ের নায়ক ছিলেন রোনালদিনিও। সেদিন শেষ বাঁশির পর রিয়ালের সমর্থকরাও দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। ২০২৬ সালের ১৫ নভেম্বর বেনেল্লিতেও তিনি প্রতিপক্ষ ফোর্লির সমর্থকদের হাততালি পেলেন।

২১ বছর আগের সেই হাততালি ছিল বিস্ময়ের, আর এবারেরটি ছিল সম্ভবত কৃতজ্ঞতার। কারণ এই মানুষটিই ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি করেছিলেন সেই ঐতিহাসিক ফ্রি-কিক গোল। ২০০৪ ও ২০০৫ সালে টানা দুবার ফিফা বর্ষসেরা হয়ে তিনি দ্বিতীয়বার জিতেছিলেন ব্যালন ডি’অর। পরের বছর বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি।

দুই দশকেরও বেশি সময় পর রোববার বিকেলে ইতালির এক ছোট শহরের মাঠে নেমে তিনি যেন আবারও মনে করিয়ে দিলেন যে, কিছু মানুষের কাছে ফুটবল শেষ পর্যন্ত একটি খেলা হিসেবেই থাকে, পেশা হয়ে ওঠে না।

মাঠ ছাড়ার পরপরই যখন জানতে চাওয়া হয় যে এটিই কি তাঁর শেষ ম্যাচ, তিনি বললেন, জানেন না। প্রেসিডেন্ট ডাকতে থাকলে তিনি ফিরতে পারেন। তাঁর আশা, ইতালি ও ব্রাজিল আবারও বিশ্বকাপ জেতার মতো ফুটবলে ফিরে আসবে। ফুটবল, তাঁর ভাষায়, জীবনের সবচেয়ে সুন্দর জিনিস।

২৯৯ গোল নিয়ে অবসরে গিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট চিপ্রিয়ানির স্বপ্ন ছিল, ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেন্নার জার্সিতে হয়। তবে বেনেল্লির এই বিকেলে ৩০০তম গোলটি আর হলো না। দেখা গেল না কোনো দুর্দান্ত ফ্রি-কিক কিংবা প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে যাওয়া সেই চেনা ড্রিবলিং। তবুও ৪৫ মিনিট শেষে গ্যালারি যখন দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছিল, মনে হচ্ছিল রোনালদিনিওর জন্য পূর্ণতা অনেক আগেই এসেছে। এখন তিনি কেবল ফুটবলের আনন্দের এক স্মৃতি।

দ্বিতীয় মিনিটে যে মানুষটি হাঁটছিলেন, তিনি আসলে কোথাও পৌঁছানোর তাড়ায় ছিলেন না। পৌঁছানোর বয়স অনেক আগেই পেরিয়ে গেছে। তিনি এসেছিলেন আরেকবার বলটাকে ছুঁয়ে দেখতে, আর আমাদের আরেকবার ‘আহা’ বলার সুযোগ দিতে।