বর্তমানে বড় ধরনের কোনো গণআন্দোলনে জড়াতে আগ্রহী নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থেকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে সরকারের ওপর চাপ বজায় রাখাই এখন দলটির মূল কৌশল। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের শক্তি যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে জামায়াত। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার উপযোগী নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরির প্রস্তুতিও শুরু করেছে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, তাঁরা বর্তমান বিএনপি সরকারকে তাদের মেয়াদ শেষ করার সুযোগ দেওয়ার পক্ষে। তবে নিজেদের দাবি আদায়ে নিয়মিত কর্মসূচি চালিয়ে যেতে চান তাঁরা। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং জনজীবনের বর্তমান সংকটকে সামনে রেখে রাজনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির।

জামায়াত নেতাদের মূল্যায়ন অনুযায়ী, বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের ধারণা, জনজীবনের সংকট আরও বাড়তে থাকলে এবং সরকারের প্রতি মানুষের ক্ষোভ তীব্র হলে পরিস্থিতি এমনিতেই বদলে যেতে পারে।

বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের নেতারা প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় ১১–দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে।”

জামায়াতের রাজনৈতিক কৌশল সম্পর্কে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের মুক্তকণ্ঠকে বলেন, “বিরোধী দল সরকারের পতন চায় না। গণভোটের রায় বাস্তবায়নসহ অন্যান্য দাবি সরকার মেনে নিক, সেটিই তাঁরা চান।”

লংমার্চসহ জনসম্পৃক্ত কর্মসূচিগুলোর মাধ্যমে সরকারের বোধোদয় হবে বলে মনে করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি আরও বলেন, সরকার যদি বিরোধী দলের দাবিগুলো মেনে না নেয়, তবে সাত দফা এক দফায় রূপ নিতে পারে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী হরতাল, অবরোধ কিংবা জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচিতে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “তাঁরা মনে করেন, এ ধরনের কর্মসূচি মানুষ ইতিবাচকভাবে নেয় না। বরং জনদুর্ভোগ তৈরি না করে মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি সামনে রেখে কর্মসূচি চালিয়ে যেতে চান তাঁরা।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মুক্তকণ্ঠকে জানান, বিরোধী দল সরকারের পতন না চাইলেও মানুষ দ্রুতই সরকারের ওপর আস্থা হারাচ্ছে। তাঁর ভাষ্য, সরকার গণতন্ত্র, সুশাসন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করলে জন–অসন্তোষে পড়তে বেশি সময় লাগবে না।

জামায়াত নেতাদের ধারণা, জনজীবনের সংকট বাড়তে থাকলে এক পর্যায়ে সাধারণ মানুষ রাস্তায় নামতে পারে। তাঁদের মূল্যায়ন, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারের দমন-পীড়নের পর ধাপে ধাপে বিস্তৃত হয়ে এক দফার আন্দোলনে রূপ নিয়েছিল।

এই রাজনৈতিক হিসাব থেকেই জনজীবনের সংকট সামনে রেখে কর্মসূচি সাজিয়েছে ১১–দলীয় ঐক্য। তাদের সাত দফায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসংকট নিরসন; নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি রাখা হয়েছে।

দলীয় সূত্র অনুযায়ী, বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় ও আঞ্চলিক দাবিগুলোকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। জামায়াত নেতাদের বিশ্বাস, মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে মাঠে থাকলে সরকারের ওপর চাপ তৈরির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দলের যোগাযোগ বাড়বে, যা রাজনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে।

রাজপথের কর্মসূচির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছে জামায়াত। দলটির নেতারা জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে ১১–দলীয় ঐক্য বজায় রাখলেও স্থানীয় নির্বাচনে তাঁরা এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

জামায়াতের নেতারা স্থানীয় নির্বাচনকে কেবল ভোটের প্রতিযোগিতা হিসেবে দেখছেন না। তাঁদের কাছে এটি তৃণমূলের সাংগঠনিক শক্তি যাচাই, সম্ভাব্য নেতৃত্ব বাছাই এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর একটি মাধ্যম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদেরও এলাকায় সক্রিয় রাখার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে কয়েকটি প্রস্তাব দিয়েছে জামায়াত। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রশাসক ও উন্নয়ন কর্তৃপক্ষের পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাবও দিয়েছে দলটি।

সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে দুর্বল এলাকায় কার্যক্রম বাড়ানো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যাওয়ার ওপর জোর দিচ্ছে জামায়াত। দলের দাওয়াতি কার্যক্রমও এর অংশ। দলীয় সূত্র জানায়, দাওয়াতি মাস ঘোষণা করে গত আগস্টে নারীদের মধ্যে এবং সেপ্টেম্বরে পুরুষদের মধ্যে বিশেষ দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে নেতা-কর্মীদের নৈতিক মান উন্নয়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের দুঃসহ স্মৃতি এখনো মানুষের মনে জ্বলজ্বল করছে। তাঁরা এত দ্রুত আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে ফিরতে দেবেন না।”

জামায়াতের নেতাদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ কম। তাঁদের ধারণা, জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী ঘটনাবলির স্মৃতি এখনো মানুষের মধ্যে প্রবল, ফলে এই মুহূর্তে আওয়ামী লীগকে সহজে গ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

জামায়াত নেতাদের দাবি, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চায়নি। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা, বাস ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনা থেকে দলটি নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বলে মনে করেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ডক্টরাল ফেলো ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলীর মতে, জামায়াতে ইসলামীর জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব আগের তুলনায় বেড়েছে। তবে দলটির নির্বাচনী সাফল্যকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে মূল্যায়ন করা কঠিন। বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে জামায়াত একই ফলাফল অর্জন করতে পারত কি না, সেই প্রশ্ন রয়েছে। তাঁর মতে, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে জামায়াতের রাজনৈতিক অবস্থান কী হবে, সেটিও পর্যবেক্ষণ করা প্রয়োজন।

রাজপথের কর্মসূচি ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে জামায়াত। দলের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনা ও পরিকল্পনা চলছে।

জামায়াতের বর্তমান সংসদ সদস্যদের অনেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদীয় কার্যক্রম, বক্তব্য উপস্থাপন ও নীতিনির্ধারণী বিষয়ে তাঁদের দক্ষতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে দলটি। প্রয়োজন অনুযায়ী আরও কর্মশালা করার পরিকল্পনা রয়েছে। জামায়াত ছায়া মন্ত্রিসভা গঠন করে সংসদ সদস্যদের সরকার পরিচালনার উপযোগীও করতে চায়।

এর পাশাপাশি গত সেপ্টেম্বরে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য বিদেশ সফরে যান। সফরকারীদের অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। দলের পক্ষ থেকে এই সফরকে অভিজ্ঞতা অর্জন ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করার উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়।

সফরকালে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী এবং রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে জামায়াতের সংসদ সদস্যদের বৈঠক হয়। সেখানে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা, জবাবদিহি ও জনগণের কথা শোনার গুরুত্ব নিয়ে আলোচনা হয় বলে মাসজলি মালিকের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক সংস্কারের মতো বিষয়ে নীতি প্রণয়নের জন্য স্থায়ী গবেষণাপ্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ প্যানেল গঠনের আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী পেশাজীবী সংগঠন বৃদ্ধির বিষয়টিও দলটির বিবেচনায় রয়েছে। তবে এসব ক্ষেত্রে তড়িঘড়ি না করে ধাপে ধাপে এগোতে চায় জামায়াত।

দলীয় সূত্র বলছে, ভবিষ্যতে এমন সফরে সংসদ সদস্যদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও ছাত্রসংগঠনের নেতাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের পরিবর্তে অন্য কোনো দল বিরোধী দলে থাকলে হয়তো সরকার হটানোর আন্দোলনে যেত। কিন্তু জামায়াত সেই পথে না গিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানুষের মনোভাবকে কাজে লাগিয়ে জনমত গঠনের চেষ্টা করছে। এই কৌশলে দলটি সফলও হতে পারে। সে ক্ষেত্রে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করাটা অমূলক নয়।

জামায়াতের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করলেও সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তিদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নীতিনির্ধারণে পরামর্শ দেবেন এই পরিষদের সদস্যরা। সাবেক আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও কূটনৈতিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা এই পরিষদে থাকতে পারেন।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, ভবিষ্যতে সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে তাঁরা মনে করছেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে প্রয়োজনীয় যোগ্য ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে পেশাজীবীদের সম্পৃক্ত করা এবং তরুণ নেতৃত্বের দক্ষতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে।