গত পাঁচ বছরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সরকার আসলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির বৈষম্য দূর হয়নি। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাপক পরিবর্তন সত্ত্বেও এই ক্যাডারের কর্মকর্তাদের জন্য দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। এই দীর্ঘ সময়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে মাত্র একবার, যা অর্জিত হয়েছে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে। পদোন্নতির অন্যান্য স্তরেও নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কর্মকর্তাদের রাজপথে নামতে হয়েছে। ৩৬তম বিসিএসের কর্মকর্তারা সিভিল সার্ভিসের সঙ্গে দীর্ঘ ১৩ বছর যুক্ত থাকার পরও আজও প্রভাষক পদে রয়ে গেছেন, অথচ তাঁদের চেয়ে ১৩ ব্যাচ জুনিয়র ৪৯তম বিসিএসের নতুন কর্মকর্তারাও একই পদে যোগ দিয়েছেন। এই অবিশ্বাস্য প্রশাসনিক বাস্তবতায় সামাজিক, আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ২৫ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে পদোন্নতির দাবিতে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা। ফলে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে যে, শুধু বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদেরই কেন বারবার তাঁদের প্রাপ্য অধিকারের জন্য আন্দোলনে নামতে হয়?
বিসিএস প্রশাসনসহ অন্যান্য অনেক ক্যাডারের ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের কর্মকর্তারা নিয়মিতভাবে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারে এই পাঁচ বছরে পদোন্নতি হয়েছে কেবল ২০২৫ সালে। এই সামান্য পদোন্নতিতে দীর্ঘ পাঁচ বছরের পুঞ্জীভূত জট নিরসন সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অন্যান্য ক্যাডারের মতো শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদেরও চাকরির পাঁচ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পাওয়ার কথা। অথচ সর্বশেষ গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নবম গ্রেডে প্রভাষক পদে আট বছর চাকরি পূর্ণ করে অষ্টম গ্রেডে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এমন কর্মকর্তাদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা এই প্রক্রিয়াকে কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন না; বরং তাঁদের দৃষ্টিতে এটি পদোন্নতিবঞ্চনা প্রলম্বিত করার একধরনের প্রশাসনিক প্রহসন। এই কারণে তাঁদের একটি বড় অংশ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে মৌন প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বৈষম্যের সমস্যা রয়ে গেছে। অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারে তা হচ্ছে না, ফলে বঞ্চনার অভিযোগ তীব্র হচ্ছে। রাষ্ট্র বিনির্মাণের মূল ভিত্তি যদি শিক্ষা হয়, তবে সেই শিক্ষা ব্যবস্থাপনার নেতৃত্বে রয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। একাডেমিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ১৯৮০ সালের একীভূত সিভিল সার্ভিসের ১৪টি ক্যাডারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার গঠন করা হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে শিক্ষা ক্যাডার শিডিউলভুক্ত প্রাথমিক, উপানুষ্ঠানিক, ব্যানবেইস, এনটিআরসিএ, কারিগরি, মাদ্রাসা প্রভৃতি শিক্ষা দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাঠামোগত বৈষম্য, পদস্বল্পতা এবং পদোন্নতির দীর্ঘসূত্রতার কারণে গত ৪৬ বছর ধরে এই ক্যাডারটিকে কার্যত 'বনসাই' করে রাখা হয়েছে।
অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা যখন ধারাবাহিক পদোন্নতি ও নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, তখন শিক্ষা ক্যাডারকে বারবার রাজপথে বা স্মারকলিপির আশ্রয়ে নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে হয়। মেধার সর্বোচ্চ স্বাক্ষর রেখে ক্যাডার সার্ভিসে প্রবেশ করা শিক্ষা ক্যাডারকে কেন সামান্য পদোন্নতির জন্য বছরের পর বছর ফাইলচাপা পড়ে থাকতে হয়, এই প্রশ্নই এখন প্রকট। এই কাঠামোগত বৈষম্যের গভীরতা বুঝতে হলে অন্যান্য ক্যাডারের সাম্প্রতিক পদোন্নতি এবং সুপারনিউমারারি পদসৃজনের দিকে তাকাতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় সব ক্যাডারের ডিপিসি বসেছে এবং পদোন্নতির জিও হয়েছে। কোনো ক্যাডারে একাধিক টায়ারে পদোন্নতি হয়েছে, আবার কোনো কোনো ক্যাডারে রেকর্ডসংখ্যক সুপারনিউমারারি পদ সৃজন করা হয়েছে।
নিয়মিত পদের অপর্যাপ্ততার কারণে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ হাজার ৮৯টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে ২৮ মে ২০২৫ তারিখে গেজেট বা সার্কুলার ইস্যু করে। পরবর্তীতে এই পদের বিপরীতে ২ হাজার ২১ জন চিকিৎসককে ইন-সিটু ও সুপারনিউমারারিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়, যার সর্বশেষ বড় প্রজ্ঞাপনটি জারি হয় ২০ নভেম্বর ২০২৫ (দৈনিক মুক্তকণ্ঠ)।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত সরকারের সময়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য কমিটি গঠন করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১১৯ জন কর্মকর্তাকে সচিব এবং ৫২৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে ভূতাপেক্ষ ও সুপারনিউমারারি পদোন্নতি দেওয়া হয় (বণিক বার্তা, প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৫)। জনপ্রশাসন পুনর্গঠন করে প্রশাসন ক্যাডারের বহু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং অনেককে দেওয়া হয় ভূতাপেক্ষ পদোন্নতি। এই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা অবসর থেকে ফিরে এসে নতুন উচ্চতর স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়েছেন, বেতন-ভাতা পুনর্নির্ধারণের সুযোগ পেয়ে উচ্চহারে বকেয়া বেতন-ভাতা, উন্নত স্কেলে লাম্প গ্র্যান্ট, আনুতোষিক (গ্র্যাচুইটি), পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা লাভ করেন। এ-সংক্রান্ত প্রশাসনিক প্রতিবেদন প্রকাশিত হয় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি (বণিক বার্তা)। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োজিত থাকা অবস্থায় কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে সরকারি বিধিমালা অনুযায়ী পরিবারকল্যাণ তহবিলের অনুদান, যৌথ বিমার সুবিধা এবং আজীবন পারিবারিক পেনশন–সুবিধা পাওয়ার বিধান রয়েছে।
অন্যান্য ক্যাডারে যখন নিয়মিত পদোন্নতি, সুপারনিউমারারি পদ সৃষ্টি এবং আর্থিক বা ভূতাপেক্ষ সুযোগ-সুবিধার ছড়াছড়ি, তখন শুধু ভাগ্যদেবতা সহায় হননি শিক্ষা ক্যাডারে। চলতি বছর ৩০ জুন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ২৪ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি এবং পদস্বল্পতা নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির জোরালো দাবি জানানো হয়। প্রভাষকদের পদোন্নতির লক্ষ্যে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর তিন কর্মদিবস ডিপিসি বসেছিল। ২১ তারিখের পর হুতিদের ব্যালিস্টিক মিসাইল হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল পাওয়ার ডায়নামিকসে আমূল পরিবর্তন এসেছে, পদ্মা-মেঘনায় হাজারো কিউসেক জল গড়িয়েছে, শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলো থেকে পৃথিবীতে আলো পৌঁছেছে, কিন্তু শিক্ষকদের পদোন্নতি ডিপিসি থেকে জিও পর্যন্ত পৌঁছায়নি!
তবে সম্প্রতি অধিকারসচেতন ৪৯তম ব্যাচের নবীন কর্মকর্তারা ১৩ অক্টোবর বগুড়ায় ‘বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন’ বলে মন্তব্য করে যোগদান অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট মহাপরিচালককে উদ্দেশে বলেন, “নোটেড ডাউন ক্লিয়ারলি অ্যান্ড পুট ইট ইন দ্য ফাইল, হোয়াট দে ডিমান্ড।” অর্থাৎ মন্ত্রী মহোদয় তাঁদের দাবিগুলো স্পষ্টভাবে নোট করে ফাইলে রাখতে বলেন। জাতীয় দৈনিক মারফত মন্ত্রীর তৎপরতা সেই মুহূর্তে কর্মকর্তাদের মধ্যে আশার সঞ্চার করলেও পূজার আগে ও পরে কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ।
সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা সরকারি আদেশ বা জিও জারি না হওয়ার কারণ হিসেবে শূন্য পদের সংকট এবং সুপারনিউমারারি পদ সৃজন না হওয়াকে উল্লেখ করেছেন। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক পর্যায়ের কর্মকর্তার সংখ্যা ৯ হাজার ৭৮২ জন। বিপরীতে সহকারী অধ্যাপক পর্যায়ে পদ রয়েছে মাত্র ৪ হাজার ৪৫১টি। অর্থাৎ প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সাংগঠনিক সুযোগ রয়েছে মাত্র ৪ হাজার ৪৫১ কর্মকর্তার। বিপুলসংখ্যক কর্মকর্তার জন্য প্রথম পদোন্নতির পথই কার্যত বন্ধ।
শিক্ষা কার্যক্রমের গুণগত মান রক্ষা, বিপুলসংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করা, কর্মকর্তাদের হতাশা দূর করা এবং পদোন্নতিবঞ্চনা নিরসনের প্রয়োজনীয়তা তুলে ধরে ২০২৬ সালের ৪ জানুয়ারি অতিরিক্ত দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নান স্বাক্ষরিত চিঠিতে সহকারী অধ্যাপক পর্যায়ে ২ হাজার ৮২৩টি সুপারনিউমারারি পদ সৃষ্টির পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সাম্প্রতিক ডিপিসি সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলেছেন, পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে হলে সহকারী অধ্যাপক পর্যায়ে সুপারনিউমারারি পদ সৃষ্টির কোনো বিকল্প নেই।
এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো, যখন সংশ্লিষ্ট কর্মকর্তারাই স্বীকার করছেন যে পদোন্নতি দেওয়ার জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টি অপরিহার্য, তখন সেই পদ সৃষ্টির ফাইলটি কোথায় আটকে আছে? কাদের অবহেলায় হাজারো শিক্ষক-কর্মকর্তার যাপিত জীবন জেরবার? কারণ, সুপারনিউমারারি পদ সৃষ্টির প্রস্তাব নতুন কোনো বিষয় নয়। গত ৪ জানুয়ারি প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর ৩৮তম বিসিএসের কর্মকর্তারাও পদোন্নতির যোগ্য হয়েছেন। প্রস্তাব পাঠানোর পর সংশ্লিষ্ট মহাপরিচালকের দায়িত্বে রদবদল হয়েছে। সময় গড়িয়েছে, ব্যাচের পর ব্যাচ পদোন্নতির যোগ্য হয়েছে, কিন্তু সুপারনিউমারারি পদ সৃষ্টির সেই ফাইল এখনো আলোর মুখ দেখেনি। অর্থাৎ একদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি দিতে হলে সুপারনিউমারারি পদ সৃষ্টির বিকল্প নেই, অন্যদিকে সেই পদ সৃষ্টির ফাইলই যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পড়ে থাকে, তাহলে পদোন্নতি আটকে থাকার দায় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সত্যিই নিজেদের পুরোপুরি মুক্ত রাখতে পারে? একই বিসিএস ব্যাচে, একই দিনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ ও সিনিয়র স্কেল অর্জনের ক্ষেত্রে তুলনামূলকভাবে অভিন্ন প্রক্রিয়া থাকলেও পদোন্নতির ক্ষেত্রে ক্যাডারভেদে বড় ধরনের বৈষম্য দেখা যাচ্ছে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মতে, এই সংকটের স্থায়ী সমাধান কেবল একটি ব্যাচের পদোন্নতি নয়। একই বিসিএস ব্যাচের যোগ্য কর্মকর্তাদের অন্যান্য ক্যাডারের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাচভিত্তিক পদোন্নতি দেওয়ার একটি প্রতিষ্ঠিত ও স্থায়ী কাঠামো প্রয়োজন। রাষ্ট্রের নীতিনির্ধারকদের এটি অনুধাবন করতে হবে যে শিক্ষকদের বঞ্চিত রেখে কখনো মানসম্মত উচ্চশিক্ষা বা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও ফাইলচাপা সংস্কৃতির জাঁতাকল থেকে শিক্ষা ক্যাডারকে মুক্ত করে দ্রুত সুপারনিউমারারি পদ সৃজন ও পদোন্নতির জিও জারির মাধ্যমেই এই পুঞ্জীভূত ক্ষোভের অবসান ঘটাতে হবে।