২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করতে চায় সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রদান করেন। অনুষ্ঠানটি ছিল সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী আয়োজন।

উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।”

প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের লক্ষ্য অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে। সফলভাবে শেষ করতে পারলে অন্য এখানকার শিক্ষা কাজে লাগানো যাবে। কাজের মানের ক্ষেত্রে যেনো কোনো আপোষ না করি, যথাসময়ে যেন প্রকল্প বাস্তবায়ন করতে পারি।”