সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত প্রসার ও বাস্তবায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিশেষ বিল পাস করা হয়েছে। এই নতুন আইনের আওতায় বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি (e-GP) ব্যবহার করা বাধ্যতামূলক থাকবে না।
বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’টি উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের জন্য কিছু প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস করা হয়।
উল্লেখ্য যে, গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমান অধিবেশনের প্রথম বৈঠকেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। সেই অধ্যাদেশটি রহিত করে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যেই এই বিলটি পাস করা হয়েছে।
পাস হওয়া বিলে উল্লেখ করা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা সম্ভব হবে। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল রয়েছে অথবা নিয়মিত আয় আছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা যাচাই করে ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।
এই বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।
ক্রয় প্রক্রিয়ার বিষয়ে বিলে বিশেষ কিছু বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতির মাধ্যমে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারবে। পাশাপাশি এই নির্দিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি ব্যবহার করা আবশ্যক হবে না বলে বিধানে স্পষ্ট করা হয়েছে।
বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য বিলে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির জন্য জেলা পর্যায়ে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠন করা হবে।
আইনটিতে শাস্তির বিধানও রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ অথবা এর কোনো যন্ত্রাংশ চুরি করেন, তবে তিনি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।