দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক সভায় এসব গুরুত্বপূর্ণ প্রস্তাবনা অনুমোদিত হয়।
নিকারের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন থানা গঠন করা হবে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে এই ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
একইভাবে, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার জন্য ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
থানার পাশাপাশি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি এলাকায়। বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসনিক নামের সামঞ্জস্য বজায় রাখতে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্গত ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করা হবে। এখন থেকে এই থানার নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
এছাড়া প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় করার কথা থাকলেও, তা পরিবর্তন করে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একই প্রক্রিয়ায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দফতর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, নতুন থানা স্থাপন এবং থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আনা হয়েছিল। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ ছিল স্থানীয় সরকার বিভাগ।