জীবনটা কেটে গেল কেবলই চাকরগিরি করে। ঘরের কাজ থেকে অফিসের দায়িত্ব—সব মিলিয়ে যেন দ্বিগুণ চাকর। অথচ বস কিংবা স্ত্রী, কারও কাছ থেকেই মেলেনি কাঙ্ক্ষিত মূল্যায়ন। এই একঘেয়েমির মাঝে তুহিন এবার একটু চমক দেখাতে চাইলেন।
অফিসের সিনিয়র কলিগ মিজান ভাইকে যখন তিনি এই ইচ্ছার কথা জানালেন, মিজান ভাই মুহূর্তেই চমকে ঘুরে তাকালেন। চোখ পাকিয়ে তিনি সতর্ক করে বললেন, “বস আর বউকে কখনোই চমক দেখাবার চেষ্টা করবে না। যতবার চেষ্টা করবে, ততবারই চমকে যাবে।”
তুহিন কিছুটা হতাশ হয়ে বললেন, “ভাই মনে হয় আমার কথাটা ধরতে পারেননি। আমি বউকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। কী করতে চাইছি, শুনবেন তো?”
মিজান ভাই তার কথা শেষ করার সুযোগ দিলেন না। আবারও সাবধান করে দিয়ে বললেন, “কিচ্ছু শোনার দরকার নেই। আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও বউকে কখনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে না। এমন প্রাইজ দেবে, ঘরে থাকতে পারবে না।”
তবে মিজান ভাইয়ের সতর্কবার্তায় দমে যাওয়ার পাত্র নন তুহিন। মনের সুপ্ত ইচ্ছা মনেই চেপে রাখতে রাজি নন তিনি। তাই বিছানায় হেলান দিয়ে শুয়ে স্ত্রী রত্নাকে বললেন, “একটা জিনিস ভাবছি, বুঝলে?”
রত্না তখন মোবাইলে রিলস দেখতে ব্যস্ত। তুহিনের কথায় সে ভেংচি কেটে উত্তর দিল, “তুমি হচ্ছ বিশ্ব ভাবুক গোষ্ঠীর চেয়ারম্যান। সারা দিন কী সব ভাবো আর ল্যাপটপে কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখো।”
তুহিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, “কাকের ঠ্যাং মানে? আফসোস, যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতকিছু করছি, সেই বুঝল না! এদিকে নভেম্বর মাসের প্রায় অর্ধেক শেষ। জমা দেব কবে, আর বই হবে কবে? সময় তো আর বেশি নেই। এর মধ্যে কি পারব?”
কথাটা শুনেই রত্নার আগ্রহ বেড়ে গেল। মোবাইল পাশে ফেলে মহা উৎসাহে তুহিনের দিকে এগিয়ে এল সে। রত্না বলল, “ও এম জি! আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? আগে বলবে না? জানুয়ারি মাস আসতে এখনো দেরি আছে। না পারার কী আছে?”
তুহিন মনে মনে হিসাব করে বললেন, “ডিসেম্বরে জমা তো দিতে হবে।”
রত্না দ্রুত উত্তর দিল, “জমা দিতে হবে, দিয়ে দাও। সব রেডি আছে না?”
তুহিন কিছুটা ইতস্তত করে বললেন, “তা আছে। কিন্তু”—
রত্না তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, “কিন্তু আবার কী? বই জমা দিয়ে ভিসার জন্য দাঁড়ালেই হয়।”
তুহিন অবাক হয়ে বললেন, “ভিসা!”
রত্না অবাক হওয়ার কারণ খুঁজে পেল না। সে বলল, “এত অবাক হওয়ার কী আছে? ভিসা ছাড়া তোমাকে কোনো দেশে ঢুকতে দেবে?”
হতভম্ব হয়ে তুহিন বললেন, “ভিসের কথা আসছে কোথা থেকে? আমি তো জীবনের প্রথম বই লিখে বইমেলায় ঢোকার কথা ভাবছিলাম।”
রত্না এবার আরও অবাক হয়ে বলল, “কী? আর আমি ভাবলাম, জানুয়ারিতে আমাদের বিবাহবার্ষিকী, তাই পাসপোর্ট বই জমা দিয়ে ভিসা লাগানোর কথা ভাবছ। আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছ থাইল্যান্ড। ওখানে রোমান্টিক সব ছবি তুলে, হাতে তুলে দেবে দামি উপহার। সেই ছবি দেখে ফেসবুকে তো ভাবিদের চোখ কপালে উঠবে। ভাবিদের খোঁচায় ভাইদের তিন দিনের ঘুম হারাম হয়ে যাবে। ভাই, ভাবিরা জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।”
তুহিন এবার তাকে বোঝানোর চেষ্টা করলেন, “ইয়ে মানে, বিবাহবার্ষিকীর দিন জীবনের সবচেয়ে দামি উপহার হিসেবে বইটা তোমার হাতেই তুলে দেব তো। বই কি সোনাদানা, হীরা-জহরতের চেয়ে অমূল্য না?”
রত্না তাচ্ছিল্যের সুরে বলল, “অমূল্য বলেই তো এই জমানায় কেউ বই কেনে না। মুড়ির ঠোঙা বানানো আর চিতই পিঠার ভর্তা দেওয়া ছাড়া বইয়ের পাতা আর কী কাজে লাগে শুনি? তার ওপর তোমার লেখা। সেই লেখা পড়ে ফেসবুকে পাঁচটা মানুষও লাইক দেয়?”
রত্নার কথা শুনে জল টলমল চোখে আকাশের দিকে তাকালেন তুহিন। তিনি ভাবলেন, নিজের জন্য খারাপ লাগছে না। তবে খারাপ লাগছে সেই সব পাঠকদের জন্য এবং রত্নার জন্য, যারা একজন কালজয়ী লেখকের লেখা না পড়েই পৃথিবী থেকে বিদায় নেবে। আফসোস, বড়ই আফসোস।