খোলা মাঠে খেলাধুলা করছে কিছু শিশু। কেউ বাজারের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউবা সময় কাটাচ্ছে প্রকৃতির মাঝে। বয়স অনুযায়ী যাদের এই সময়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকার কথা, তাদের অনেকের জীবনই কাটছে এভাবে। কারণ তাদের গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শিক্ষার প্রাথমিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার অসংখ্য শিশু।

বিশেষ করে মেয়ে শিশুদের শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ আরও প্রবল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের চরম অসুবিধার কারণে অনেকেরই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি কৃষি ও নদী নির্ভর জীবিকার চাপে অনেক শিক্ষার্থী মাঝপথেই ঝরে পড়ছে।

সরেজমিনে এই চিত্র দেখা গেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মাকসুমুল গ্রামে। এখানে তিনটি বাজার রয়েছে, যার মধ্যে কামাল বাজারটি তুলনামূলক বড়। প্রায় ৩০ বছর আগে এখানে বসতি গড়ে উঠলেও নদীর কাছাকাছি বেঁড়ীর বিচ্ছিন্ন জনপদে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শিক্ষার সুযোগের অভাব, দুর্বল যোগাযোগব্যবস্থা, স্যানিটেশনের অভাব, ভূমির নিরাপত্তাহীনতা এবং নাগরিক সুবিধার অভাবে দীর্ঘকাল ধরে অবহেলা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটিতে দু-একজন শিক্ষিত মানুষ থাকলেও তাদের শিক্ষাজীবন ছিল অত্যন্ত কষ্টসাধ্য। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাশের আক্তার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কিংবা চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে তাদের।

স্থানীয় বাসিন্দা রাশেদুল হাসান বলেন, “প্রায় ৩০ বছর আগে আমরা এখানে বসতি গড়ে তুলেছি। নিজেদের শ্রমে গাছপালা কেটে বসবাসের উপযোগী করেছি। কিন্তু এত বছরেও আমাদের এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সন্তানদের পড়াশোনার জন্য দূরে পাঠাতে হয়। আমরা চাই, আমাদের সন্তানরা নিজ গ্রামেই শিক্ষার সুযোগ পাক। দূরত্ব ও যোগাযোগব্যবস্থার কারণে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে এলাকার মেয়েরা। অনেক পরিবারের পক্ষে প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে পড়ে।”

স্থানীয়দের ভাষ্যমতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মেয়ে শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নানাবাড়ি, দাদাবাড়ি কিংবা অন্য আত্মীয়স্বজনের বাড়িতে থাকতে হয়। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মেয়েদের স্বাভাবিক শিক্ষাজীবনও বাধাগ্রস্ত হচ্ছে।

চর মাকসুমুল গ্রামের ৬ নং ওয়ার্ডের কামাল বাজার এলাকার হোসনা বানু বলেন, “ছেলেদের কোনোভাবে দূরের বিদ্যালয়ে পাঠানো গেলেও মেয়েদের নিয়ে বেশি দুশ্চিন্তা হয়। প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয় না। অনেক সময় আত্মীয়স্বজনের বাড়িতে রেখে পড়াশোনা করাতে হয়। গ্রামে একটি বিদ্যালয় থাকলে মেয়েদের লেখাপড়া নিয়ে এত চিন্তা করতে হতো না।”

স্থানীয় যুবক আহসান উল্যাহ বলেন, “একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত শিক্ষা। কিন্তু আমাদের গ্রামে জন্ম নেওয়া শিশুরা শুরু থেকেই শিক্ষার সুযোগে পিছিয়ে পড়ছে। দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক পরিবার সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছে না। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মও শিক্ষায় পিছিয়ে থাকবে।”

স্থানীয় কৃষক আবুল কালাম বলেন, “আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। জমিতে ফসল উৎপাদন করলেও তা বাজারে নিতে অনেক কষ্ট হয়। প্রায় ১০ কিলোমিটার দূরে বাজারে ফসল নিয়ে যেতে হয়। ভালো রাস্তা না থাকায় কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাড়তি টাকা খরচ করে ফসল পরিবহন করতে হয়। একটি ভালো রাস্তা হলে আমাদের অনেক কষ্ট কমত।”

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার বলেন, “চর মাকসুমুল গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি আমাদের জানা নেই। সেখানে কতজন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিশু রয়েছে, তারা কোথায় পড়াশোনা করছে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার বাস্তব প্রয়োজনীয়তা কতটুকু এসব বিষয় যাচাই করা হবে। শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “চর মাকসুমুল গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও ভূমিসংক্রান্ত সমস্যার বিষয়গুলো খোঁজ নিয়ে দেখা হবে। বিশেষ করে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি সড়কের দুরবস্থা ও ভূমি নিয়ে স্থানীয়দের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”