ইতালির ডোলোমাইটস পর্বতমালার এক অজানা গুহা যেন বরফযুগের রহস্যময় দুয়ার খুলে দিয়েছে। সেখানে পাওয়া গেছে বহু আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের এক অবিশ্বাস্য ভান্ডার। সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ কিছু ছবি প্রকাশ করেছে বিবিসি।

পাহাড়ে চড়ার পেশাদার গাইড কার্ট ওয়ালডে ইতালির এই পর্বতমালার একটি প্রায় খাড়া ঢালে অবস্থান করছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তিনি একটি অজানা গুহার হদিস খুঁজছিলেন।

খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নিচে নেমে পাহাড়ের গায়ের এক সরু সমতল জায়গায় পৌঁছান ওয়ালডে। তাঁর ধারণা ছিল, ঠিক ওখানেই গুহার মুখ পাওয়া যাবে। তবে প্রাথমিক সেই আশা পূরণ হয়নি। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি দড়ির শেষ প্রান্ত পর্যন্ত নিচে নামতে থাকেন।

সেদিন সকালে শরীর খুব একটা ভালো না থাকলেও ২২ কেজি ওজনের ভারী ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন ওয়ালডে। শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই অতিক্রম করে অবশেষে গুহার মুখে পৌঁছান।

ওয়ালডের হেডল্যাম্পের আলো যখন গুহার গভীরে পৌঁছায়, তখন তাঁর সামনে ভেসে ওঠে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে। বিশেষজ্ঞদের ধারণা, এগুলো ‘আরসাস লাডিনিকাস’ প্রজাতির গুহাভালুকের কঙ্কাল। প্রায় ২৪ হাজার বছর আগে এই প্রজাতিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

নতুন আবিষ্কৃত এই গুহাটি ফানেস সেনেস ব্রাইস ন্যাচারাল পার্কের বিখ্যাত কন্টুরিনেস গুহার ঠিক অপর পাশেই অবস্থিত। তবে এখানে কন্টুরিনেস গুহার তুলনায় অনেক বেশি হাড় পাওয়া গেছে। উল্লেখ্য, ১৯৮৭ সালে কন্টুরিনেস গুহার আবিষ্কার গুহাভালুক সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা বদলে দিয়েছিল। এখন নতুন এই গুহার আবিষ্কার সেই ধারণাকে আবারও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে।

কন্টুরিনেসে পাওয়া সেই বিশালদেহী গুহাভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি এবং লম্বায় হতো প্রায় তিন মিটার। এই ভালুকগুলো মূলত আল্পস অঞ্চলের ভেষজ উদ্ভিদ, পাতা ও ঘাস খেয়ে জীবনধারণ করত।

গত ৪১ বছর ধরে পাহাড়ে চড়ার গাইড হিসেবে কর্মরত ওয়ালডের বিশ্বাস ছিল, কন্টুরিনেস গুহায় এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে। সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ তাঁর দৃষ্টি আকর্ষণ করে। সেই জায়গাটি পুনরায় দেখার জন্য ২০২৬ সালের জুলাই মাসে তিনি অভিযানে নামেন।

গুহায় প্রবেশ করেই কন্টুরিনেসের সঙ্গে মিল দেখে চমকে ওঠেন ওয়ালডে। উপহার খোলার আগের যে আনন্দময় অপেক্ষার অনুভূতি থাকে, তিনি সেই মুহূর্তটিকে দীর্ঘ করতে চেয়েছিলেন। গুহার প্রথম ৬০ মিটার পথ ছিল একদম সোজা। সেখানে টেবিলের মতো পাথরের স্তরের ওপর রহস্যজনকভাবে পড়ে থাকা একটি হাড় তাঁর নজরে পড়ে।

ওয়ালডে আরও ভেতরে এগিয়ে গিয়ে অসংখ্য হাড় ও খুলির দেখা পান। এর মধ্যে ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত একটি খুলিও ছিল। তিনি অত্যন্ত সাবধানে পা ফেলছিলেন; তাঁর মনে হচ্ছিল, একসময় এই জায়গাটি প্রাণকুলে ভরপুর ছিল।

গবেষকদের মতে, কন্টুরিনেসের হাড়গুলোর বয়স ৪৬ থেকে ৫০ হাজার বছর। স্থানীয় লাদিন জনগোষ্ঠীর নামানুসারে বিজ্ঞানীরা এই প্রজাতিটির নাম দিয়েছেন আরসাস লাডিনিকাস। গুহার খনিজ স্তরগুলো প্রায় ৬০ লাখ বছরের জলবায়ুর ইতিহাস ধরে রেখেছে, যা অতীতের উষ্ণ আবহাওয়ার প্রমাণ দেয়। সেই উষ্ণ আবহাওয়ার কারণে বিচগাছ আরও উঁচু পাহাড়েও জন্মাত বলে ধারণা করা হয়।

নতুন এই গুহায় বিপুলসংখ্যক হাড় ছড়িয়ে রয়েছে, যা বরফযুগের বিভিন্ন প্রাণীর হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আল্পসের অন্যান্য গুহাতেও এর আগে গুহা সিংহ, হায়েনা ও চিতাবাঘের দেহাবশেষ পাওয়া গেছে।

আবিষ্কারের এই খবর ওয়ালডে জানান ক্রিশ্চিয়ান তেরজারকে, যিনি আগস্টের শুরুতে বলজানোর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গুহার নিদর্শনগুলো দূষিত হওয়ার আশঙ্কায় তেরজার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। অনধিকার প্রবেশ রোধ করতে প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত হেলিকপ্টারে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠায়। এরপর কর্মীরা গুহার ২০ মিটার ভেতরে একটি ফটক স্থাপন করেন এবং ত্রিপল দিয়ে পুরো এলাকাটি সিল করে দেন।