জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘কাণ্ডারী হুঁশিয়ার’ রচনার শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় এক বর্ণিল ও নান্দনিক উদ্‌যাপন অনুষ্ঠিত হয়েছে। কবির কবিতা, গান, প্রবন্ধ, চিঠি, অভিভাষণ এবং কথামালার এক সমন্বিত সংকলন হিসেবে ‘বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’ শীর্ষক এই আলেখ্যানুষ্ঠানটি আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে যূথবদ্ধ আবৃত্তি দল ‘প্রয়াস মঞ্জুভাষ’-এর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নজরুলের বহুমুখী প্রতিভার প্রতিফলন। কবির বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতাসহ মানবতাবাদ, প্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে এমন বিভিন্ন কবিতা আবৃত্তি করেন আহসান দীপু, রুবাইয়া খান পাপড়ি, মাসুদুজ্জামান, সৈয়দ ফয়সল আহমদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, শিরিন ইসলাম, মনোয়ার মাহমুদ জুয়েল, ইমরুন নাহার ইমু, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও অমিয়া অমানিতা। এছাড়া নজরুলের জীবনদর্শন এবং তাঁর সৃষ্টির গভীরতা নিয়ে বিস্তারিত কথামালা উপস্থাপন করেন আপন আহসান ও তানজিনা তমা। সংগীতের মূর্ছনায় নজরুলের গান পরিবেশন করেন বিজন কুমার মিস্ত্রী ও তানজিনা করিম স্বরলিপি।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ‘কাণ্ডারী হুঁশিয়ার’ বা ‘দুর্গমগিরি কান্তার মরু’ গানের সাথে নৃত্যনন্দনের একটি বিশেষ নৃত্য পরিবেশনা, যার নির্দেশনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা।

পুরো অনুষ্ঠানের পাণ্ডুলিপি রচনা ও গ্রন্থনার কাজ সম্পন্ন করেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ, যিনি প্রাবন্ধিক মফিদুল হকের পরামর্শ ও নির্দেশনায় এই কাজগুলো করেছেন। এছাড়া অনুষ্ঠানের আলোক পরিকল্পনায় বিশেষ ভূমিকা পালন করেন লাইট ডিজাইনার জিল্লুর রহমান।

আয়োজন প্রসঙ্গে মঞ্জুভাষের নির্বাহী প্রধান নায়লা তারান্নুম চৌধুরী কাকলি বলেন, ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের বহুমাত্রিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।’