ক্রিকেট বিশ্বে এমন কিছু ব্যাটসম্যান থাকেন, যাঁদের ব্যাটে রান না থাকলে যেমন আলোচনা হয়, তেমনি রান থাকলেও আলোচনা থামে না। বর্তমান সময়ে বাবর আজম সম্ভবত সেই তালিকায় শীর্ষস্থানে। তাঁর ব্যাটে রান আছে, হাফ সেঞ্চুরি আছে এবং ব্যাটিং গড়ও বেশ সন্তোষজনক। তবে অভাব শুধু সেই একটি বিধ্বংসী ইনিংসের, যার জন্য পাকিস্তানের কোটি কোটি ক্রিকেটপ্রেমী অধীর অপেক্ষায় প্রহর গুনছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দিকে তাকালে মনে হতে পারে, বাবর আজম এক ভয়াবহ দুঃসময় পার করছেন। টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরির খরা কতদিনের তা নিয়ে ভক্ত-সমর্থকদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হয়। যেন বাবরের ব্যাটে রান না আসাটাই এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে।

এমন এক পরিস্থিতির মাঝে হঠাৎ সামনে এল এক চমকপ্রদ পরিসংখ্যান। চলতি বছরে অন্তত ১০টি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ গড় বাবরের! প্রথমবার এই তথ্যটি সামনে আসায় বিশ্বাস করা কঠিন ছিল। মনে হচ্ছিল, হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা কোনো ভুয়া তথ্য। কিন্তু রাত ১১টার সময় পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে ক্রিকইনফোর স্ট্যাটসগুরু খুলে বসার যে অস্থিরতা তৈরি হয়, তা সামলানো সম্ভব ছিল না। বছর নির্বাচন এবং ১০ ইনিংসের ফিল্টার ব্যবহার করে ব্যাটিং গড় অনুযায়ী সাজানোর পর যা দেখা গেল, তা ছিল বিস্ময়কর।

তালিকার সবার ওপরেই বাবর আজম! ১২ ইনিংসে তিনি করেছেন ৪৮৯ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং গড় ৪৮.৯০। তালিকার দ্বিতীয় স্থানে থাকা হ্যারি ব্রুকের গড় ৪৬.৫০। যে ব্যাটসম্যানকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেই বাবরই এখন সবার ওপরে! প্রশ্ন জাগে, তবে কি বাবরকে নিয়ে আলোচনাগুলো অন্যায্য? নাকি এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?

ক্রিকেট পরিসংখ্যানের ক্ষেত্রে একটি পুরোনো শিক্ষা রয়েছে যে, শুধু ব্যাটিং গড় দেখে কোনো ব্যাটসম্যানকে বিচার করা ঠিক নয়। বিষয়টি অনেকটা পারিবারিক ছবির মতো; প্রথম দেখায় সবাইকে সুন্দর মনে হলেও ছবিটা বড় করে দেখলেই খুঁতগুলো বেরিয়ে আসে। কারও চোখ বন্ধ থাকে, আবার কেউ এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন যে ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কঠিন হয়ে পড়ে। বাবরের ২০২৬ সালটাও অনেকটা তেমনই। তিনি রান করেছেন, ভালো খেলেছেন এবং দলকে ভরসা দিয়েছেন। কিন্তু প্রতিবারই মনে হয়েছে, আর একটু হলেই হয়তো সেই কাঙ্ক্ষিত ইনিংসটি চলে আসত। একের পর এক সম্ভাবনা তৈরি হলেও পূর্ণতা মেলেনি।

গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে তাঁর শুরুটা হয়েছিল ৬৮ ও ৪৭ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও নাহিদ রানার বলে মিড অনে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে তিনি বেশ স্বচ্ছন্দ ছিলেন এবং ৯০.৩৮ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে লেগ সাইডে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত পাকিস্তান ৭৮ রানে হেরেছিল।

ওয়েস্ট ইন্ডিজ সফরেও চিত্রটি প্রায় একই রকম ছিল। প্রথম ইনিংসে ২৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৮ রান করেন তিনি। পাকিস্তানের লক্ষ্য ছিল ২১১ রান, কিন্তু দল গুটিয়ে যায় মাত্র ১২০ রানে। মোহাম্মদ আব্বাসের ২৩ রান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে বাবরের কৌশল নিয়েও সমালোচনা হয়েছে। অভিযোগ উঠেছে, ওভারের শুরুতেই তিনি টেলএন্ডারদের সামনে ঠেলে দিচ্ছিলেন। তবে বাবর একা আর কত রান করবেন! শেষ পর্যন্ত ৯০ রানে হারতে হয় পাকিস্তানকে, যদিও লড়াইটা করেছিলেন বাবর।

সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা শেষ করার সবচেয়ে বড় সুযোগ এসেছিল পোর্ট অব স্পেনে। সেখানে ৮৮ রান করে আবদুল্লাহ শফিকের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে রানআউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করেন। পুরো সিরিজে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। পরিসংখ্যান অনুযায়ী এটি একটি দারুণ সিরিজ, কিন্তু পাকিস্তানের জন্য স্মরণীয় করে রাখার মতো কিছু কি করতে পেরেছিলেন বাবর?

ইংল্যান্ড সফরে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। ফেরার পর প্রথম তিন ইনিংসে তাঁর রান ছিল মাত্র ৮, ৬ ও ৭। জফরা আর্চারের সুইং এবং জশ টাংয়ের বাড়তি বাউন্স তাঁকে বেশ ভুগিয়েছে। তবে বার্মিংহামে দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংসটি ছিল ব্যতিক্রমী। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ১৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ২ উইকেট হারিয়ে রানশূন্য হয়ে পড়া দলকে টেনে তোলেন বাবর। পরে রাজাউল্লাহর ব্যাট আলো ছড়ালেও পাকিস্তানের ৪৪৯ রান পর্যন্ত পৌঁছানোর পেছনে বাবরের অবদান ছিল অনস্বীকার্য। তবে শেষ পর্যন্ত সেই লড়াইও কাজে আসেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ও ৩৪ রানের দুটি ভালো ইনিংস খেললেও বড় সংগ্রহের ম্যাচে সেগুলো যেন হারিয়ে গেল। সৌদ শাকিলের ৯৩ রানের পাশাপাশি অভিষিক্ত তায়্যাব আরিফ ও মোহাম্মদ তাহারের অর্ধশতক ছিল। বাবর রান করলেও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো কিছু করতে পারেননি।

ঠিক এই জায়গাতেই বাবরের বছরের সবচেয়ে বড় বৈপরীত্য। গড়ের হিসাবে তিনি সবার ওপরে থাকলেও ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো ইনিংস কোথায়? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা পাকিস্তানের এই মুহূর্তে এমন একজন ব্যাটসম্যান প্রয়োজন, যাঁকে ঘিরে পুরো ইনিংসটি তৈরি হতে পারে। বাবরের ভালো গড় দলের ব্যর্থতার দায় তাঁর কাঁধ থেকে কিছুটা সরিয়ে দিলেও, একটি বড় ইনিংসের কাজ শুধু রান বাড়ানো নয়; বরং তা সতীর্থদের আত্মবিশ্বাস ফেরানো এবং সমর্থকদের মনে আশা জাগানো।

তবে বাবরের বছরটিকে খারাপ বলাও অন্যায় হবে। তাঁর ৪৮.৯০ গড় নিজের টেস্ট ক্যারিয়ার গড় ৪৩-এর চেয়ে বেশি। ২০২৪ ও ২০২৫ সালে তাঁর গড় ছিল যথাক্রমে ২০.২০ ও ৩১.৫০। অর্থাৎ, সাম্প্রতিক দুই বছরের তুলনায় এবার তিনি অনেক ভালো করেছেন।

সমসাময়িকদের সঙ্গে তাঁর পরিসংখ্যান বেশ উজ্জ্বল। চলতি বছর অন্তত ১০টি টেস্ট ইনিংস খেলা ২৭ জন ব্যাটসম্যানের মধ্যে ৪৫-এর বেশি গড় করেছেন মাত্র দুজন। বাবরের পর হ্যারি ব্রুক ৪৬.৫০ এবং মুশফিকুর রহিম ৪৪.১৬ গড়ে রান করেছেন। এই ২৭ জন ব্যাটসম্যান মিলে সেঞ্চুরি করেছেন মাত্র ১৩টি। ৫৫৮ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ব্রুকেরও কোনো সেঞ্চুরি নেই। অর্থাৎ, শুধু বাবর নন, প্রতিষ্ঠিত টেস্ট ব্যাটসম্যানদের জন্যই বছরটি কঠিন যাচ্ছে। এমন একটি সময়ে সবার ওপরে থাকা নিশ্চয়ই কম কৃতিত্বের নয়।

কিন্তু বাবরের ক্ষেত্রে প্রত্যাশার হিসাবটি ভিন্ন। তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল ২০২২ সালের ডিসেম্বরে। সেই অপেক্ষা এত দীর্ঘ হয়েছে যে তাঁর অর্ধশতকগুলোও অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। বিরাট কোহলির দুঃসময়ের কথা মনে পড়ে, যখন রান করলেও প্রত্যাশার চাপ থেকে মুক্তি ছিল না তাঁর। বাবরের ক্ষেত্রেও যেন একই গল্প। দলের সবচেয়ে বড় তারকা হওয়ার বোঝা এটাই যে, শুধু রান করলেই হয় না, রান করতে হয় সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে।

তাহলে প্রশ্ন হলো, বাবরের বছরটি কি ভালো? সাম্প্রতিক সময়ের তুলনায় অবশ্যই ভালো। তবে তিনি নিজের সেরা ছন্দে আছেন কি না, তা বলা কঠিন।