রাজশাহীর বাঘায় খেজুরের রসের পরিবর্তে চিনি, চুন, রং এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নকল গুড় তৈরি করছিলেন দুই ব্যবসায়ী। তাঁদের গোপন কারখানায় অভিযান চালিয়ে মোটা অঙ্কের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে এবং আজ রোববার সকালে উপজেলার পীরগাছা গ্রামে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
রোববার সকাল আটটার দিকে বাঘার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অবস্থিত ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, নাসির উদ্দীন সরকার তাঁর নিজ বাড়িতেই এই ভেজাল গুড় তৈরির কারখানা স্থাপন করেছিলেন। সেখানে দীর্ঘ সময় ধরে চিনি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা মিশিয়ে নকল খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পুলিশি সহায়তায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নুসরাত জাহান বলেন, “তাঁরা কারখানায় খেজুরের গুড় তৈরি করছেন, অথচ তাতে একটুও খেজুরের রস নেই। অভিযানে তাঁদের কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা করে টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে।”
আদালত সূত্রে জানা গেছে, এই দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।