২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রম আগামী জানুয়ারি মাস থেকে শুরু করার পরিকল্পনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের আসন পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাবর্ষের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য সামনে রেখে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে ইউজিসি। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই সভায় অংশ নেন। পরবর্তীতে ইউজিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লেগে যায়। এর ফলে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করতে দেরি হয়।

বিশ্ববিদ্যালয়গুলোর যাবতীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, “ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে।” এই লক্ষ্যে তিনি উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানান। গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি জানান।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, “শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।”

উক্ত সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।