জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। এই দাবির প্রেক্ষিতে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখান থেকে সেনাবাহিনীর এপিসি ব্যবহার করে এনসিপি নেতাদের ঢাকায় ফিরিয়ে আনার ঘটনাটি মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট প্রদান করেন।
তার ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান এবং অনেকে আহত হন। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শিগগিরই সবকিছু নিয়ন্ত্রণল চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধ পরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।’
আসিফ মাহমুদের দায়িত্ব চাওয়ার বিষয়টি নিয়ে তিনি আরও লিখেছেন, ‘নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছেন যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন, হাসনাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিলেন।’
গোপালগঞ্জের রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার লোকজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এ অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’