শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখাই এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য।
পাশাপাশি, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এই প্রক্রিয়ায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।