শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই লক্ষ্যে ঢাকা ও এর আশপাশের সংলগ্ন এলাকাগুলোতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, যেকোনো ধরনের সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের বিন্যাস অনুযায়ী, মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া অঞ্চলে ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিশেষায়িত আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং। এছাড়া দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে সার্বক্ষণিকভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।