শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং আরও কিছু যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শিল্পাঞ্চলগুলোতে তৈরি হওয়া অস্থিরতা ও শ্রম অসন্তোষের মুখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওইসব এলাকায় শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

মোতয়েনকৃত বাহিনীর বিস্তারিত বিবরণ অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য। অন্যদিকে গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ ১৩ প্লাটুন সদস্য। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। শ্রমিকরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করার লক্ষ্যে নিয়মিত টহল ও বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এই বিষয়ে বিজিবি জানিয়েছে, “শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।”