জুলাই গণআন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, সেইসব শহীদদের যাবতীয় তথ্য এক জায়গায় সন্নিবেশ করার লক্ষ্যে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ উদ্যোগে এই ‘জুলাই শহীদ’ অ্যাপটি তৈরি করা হয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে খুব সহজেই এই অ্যাপটি খুঁজে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন।

অ্যাপটি চালু করার বিষয়টি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ। জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহীদদের জীবনী নিয়ে একটি অ্যাপ পাবলিশ হয়েছে। অ্যাপটি ইন্সটল করুন, অন্যকেও শেয়ার করুন। জুলাই শহীদরা আমাদের প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের মুক্তি দান করেছেন। শহীদদের জীবনী নিয়ে চর্চা করা, তাদের জন্য দোয়া করা তাদের পরিবারের খবর নেওয়া আমাদের দায়িত্ব।’

অ্যাপটির ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের নাম, ঠিকানা এবং জন্মতারিখের মতো ব্যক্তিগত তথ্যের বিস্তারিত তালিকা। এছাড়া প্রতিটি শহীদের ক্ষেত্রে তারা কোথায় শহীদ হয়েছেন সেই ঘটনাস্থল, ঘটনার প্রেক্ষাপট এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশ করা হয়েছে।