জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে। এই নতুন বিন্যাসে মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাঈম আবেদীন। অন্যদিকে, কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে নিযুক্ত হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির কথা জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর স্বাক্ষর ছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী এক বছরের জন্য এই কমিটি কাজ করবে এবং আগামী সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং-এর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দয়িত্ব পালন করেনি তিনি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ ঘটলে তিনি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব লাভ করেন।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।