কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ ধরা পড়েছে। মোট ৪৬০টি লাল কোরাল এবং ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়ে। ট্রলারের মালিক জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন।
গতকাল শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে এই মাছগুলো ধরা পড়ে। ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০)। তিনি জানান, গতকাল দুপুরে মাছগুলো তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। মাছগুলো কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তীতে সন্ধ্যায় মাছগুলো ট্রাকে করে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ট্রলারের মালিক মোহাম্মদ শফিক বলেন, “জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। লাল কোরালগুলোর প্রতিটির ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে দেওয়া হয়। বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে।”
ট্রলারের জেলেরা জানিয়েছেন, শুরুতে মাছগুলোর দাম ১২ লাখ টাকা হাঁকা হয়েছিল। তবে পরবর্তীতে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু ১০ লাখ টাকায় সেগুলো কিনে নেন। এর মধ্যে লাল কোরালগুলো ৭ লাখ ৮০ হাজার টাকা এবং চাপা সুরমাগুলো ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে রওনা দেয়। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলেন। গতকাল সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ দেখতে পান। পরে মাছগুলো নিয়ে দুপুরে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরে আসেন।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, “পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের হোটেলগুলো ছাড়াও চট্টগ্রাম ও ঢাকার বাজারে এসব মাছের ভালো চাহিদা রয়েছে। গতকাল রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রাম পাঠানো হয়েছে।”
স্থানীয় জেলেদের মতে, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এই মাছগুলো ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। সেখানে প্রবাল ও পাথরের উপস্থিতির কারণে জাল ফেলা কঠিন হয়ে পড়ে, তাই জেলেরা অনেক সময় বড়শি ব্যবহার করে বড় আকারের কোরাল শিকার করেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, “লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।”