দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদ্রাসা থেকে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার পৌর শহরের মাদ্রাসাতুস সুন্নাহ মাদ্রাসার শৌচাগার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম সাফায়েত হোসেন (৮)। সে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। এই মর্মান্তিক ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শিশু সাফায়েত হোসেনকে আট মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরবর্তীতে রাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার রাত ৮টার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম লক্ষ্য করেন যে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ হয়ে আছে। তিনি দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মোবাইল ফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”