দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরে অবস্থিত একটি মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই রহস্যজনক ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত সাফায়েত হোসেন উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। জানা গেছে, মাত্র আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। শনিবার বিকেলে সাফায়াতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরবর্তীতে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম লক্ষ্য করেন যে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে আছে। তিনি দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে তিনি ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, “মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”