মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত ‘নাসরুল কুরআন’ কমপ্লেক্স। মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। এখানে পবিত্র কোরআন ছাপানোর প্রক্রিয়া অত্যন্ত কঠোর এবং নিয়মনিষ্ঠ।
পুত্রজায়ার এই কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার কোরআন ছাপা হয়। তবে এই বিশাল উৎপাদনের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম। একজন দক্ষ ক্যালিগ্রাফারের জন্য হাতে একটি পূর্ণাঙ্গ কোরআন লিখতে দুই থেকে সাত বছর সময় লাগে। কারখানায় প্রবেশের আগে প্রতিটি কর্মীকে অবশ্যই ওজু করে নিতে হয়। এছাড়া প্রতিটি কপি চূড়ান্তভাবে বেরোনোর আগে তা দাঁড়িপাল্লায় ওজন করা হয়, যাতে কোনো পৃষ্ঠা কম বা বেশি হওয়ার সম্ভাবনা না থাকে।
কমপ্লেক্সের গাইড মুহাম্মদ আসরাফ আমির এসোসিয়েটেড প্রেসকে জানান, “এখানে কোরআন ছুঁতে হলে বা কাজ করতে হলে সারাক্ষণ ওজু অবস্থায় থাকতে হয়।” যদিও মুদ্রণের কাজ মেশিনের মাধ্যমে হয়, তবে নিয়মগুলো মসজিদের মতোই কঠোরভাবে পালন করা হয়।
মুদ্রণ প্রক্রিয়াটি শুরু হয় বড় বড় শিটে। প্রথমে রঙের সঠিকতা যাচাই করা হয়। এরপর শুরু হয় পাঠ মেলানোর কাজ, যা সম্পন্ন করে ‘লাজনা তাসহিহ’ বা সংশোধন কমিটি। এই কমিটির সদস্য হতে হলে আরবি ভাষায় গভীর দখল থাকতে হয় অথবা পুরো কোরআন মুখস্থ থাকা আবশ্যক।
উৎপাদনের দিক থেকে মদিনার বাদশাহ ফাহাদ কমপ্লেক্স প্রথম স্থানে রয়েছে, যেখানে সৌদি সরকারি সংবাদ সংস্থার হিসাব অনুযায়ী বছরে দুই কোটির বেশি কপি ৭৯টি ভাষায় ছাপা হয়। নাসরুল কোরআন বছরে ৩০টি ভাষায় প্রায় ৩০ লাখ কপি ছাপাতে পারে। যদিও এটি বাদশাহ ফাহাদ কমপ্লেক্সের তুলনায় প্রায় সাত ভাগের এক ভাগ, তবুও প্রতিদিন ১৫ হাজার কপির উৎপাদন উল্লেখযোগ্য। প্রতিটি কপির ওজন এক কেজি ধরলে দিনে প্রায় ১৫ টন কোরআন ছাপা হয়।
মেশিনের মাধ্যমে ঘণ্টায় প্রায় ৮ হাজার শিট ভাঁজ করা হয়, এরপর সেলাই ও শক্ত মলাটে বাঁধাই করা হয়। বাঁধাই শেষ হলে সংশোধন কমিটি পুনরায় প্রতিটি কপি পরীক্ষা করে। এরপর সবচেয়ে বিস্ময়কর ধাপটি আসে—প্রতিটি কোরআন আলাদাভাবে ওজন করা হয়। আসরাফের কথায়, একটি কপির ওজন হওয়া উচিত প্রায় এক কিলোগ্রাম। যদি ওজন বেশি বা কম হয়, তবে বোঝা যায় যে কোথাও একটি পৃষ্ঠা বাড়তি ঢুকেছে অথবা বাদ পড়েছে। মানুষের চোখ যা এড়িয়ে যেতে পারে, দাঁড়িপাল্লা তা ধরে ফেলে।
মালয়েশিয়ায় এই সতর্কতার পেছনে আইনি বাধ্যবাধকতাও রয়েছে। ১৯৮৬ সালের কোরআনিক পাঠ মুদ্রণ আইন অনুযায়ী কোরআনের ছাপা, আমদানি, বিক্রি ও বিতরণের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন হয়। এমনকি কোরআনের মোবাইল অ্যাপও এই আইনের আওতায় পড়ে। ২০২২ সালে কেদাহ রাজ্যে অনুমোদনহীন ৬ হাজার ৯১৪ কপি কোরআন জব্দ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার বাজারমূল্য ছিল সাড়ে পাঁচ লাখ রিঙ্গিতের বেশি।
মালয়েশিয়া আরবিভাষী দেশ না হওয়ায় শুরুতে আরবি শেখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। প্রথম পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তৈরি করতে ১০ বছর সময় লেগেছিল এবং এক পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা সময় ব্যয় হতো। প্রায় ৬০০ পৃষ্ঠার গোটা কোরআন লিখতে একজন ক্যালিগ্রাফারের দুই থেকে সাত বছর সময় লাগে। বর্তমানে ইয়াইয়াসান রেস্টুর নিজস্ব কলেজেই ক্যালিগ্রাফার তৈরি করা হয়। প্রত্যেকের হাতের ধরন, হরফের ফাঁক এবং কলমের টানের পুরুত্ব দেখে আলাদাভাবে চেনা যায় কার লেখা।
এই কারখানার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। অলাভজনক সংস্থা ইয়াইয়াসান রেস্টুর প্রধান আবদুল লতিফ মাত্র দুজনের একটি দল নিয়ে নিজস্ব লিপি ও নকশায় কোরআন লেখার কাজ শুরু করেন। তখন অনেকে মনে করতেন সুন্দর কোরআন কেবল আরব দেশ থেকেই আসবে। লতিফ বলেন, তাঁরা তখন বুঝলেন, মানুষকে শেখালে কোরআন অনুলিপি করানো সম্ভব।
ঐতিহাসিকভাবে ১৯৮৭ সালের সাথে একটি কাকতালীয় মিল রয়েছে। ওই বছরই ভেনিসের এক মঠে ইতিহাসের প্রথম ছাপা আরবি কোরআনের একটি কপি পাওয়া যায়, যা ১৫৩৭-৩৮ সালে বাবা-ছেলে পাগানিনো ও আলেসান্দ্রো পাগানিনি ওসমানীয় সাম্রাজ্যে বিক্রির উদ্দেশ্যে ছেপেছিলেন। তবে সেই ব্যবসা সফল হয়নি এবং গুজব ছিল যে পোপ পুরো সংস্করণটি পুড়িয়ে ফেলেছেন। পরবর্তীতে ১৭৮৭ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিনের অনুমতিতে তাতার আলেম ওসমান ইসমাইলের তৈরি পাঠে প্রথম মুসলিম তত্ত্বাবধানে ১ হাজার ২০০ কপি কোরআন ছাপা হয়।
নাসরুল কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর অলংকরণ। যে ভাষায় অনুবাদ করা হয়, সেই দেশের নকশা ও রং ব্যবহার করা হয়। যেমন, চীনা অনুবাদ সম্পন্ন করতে সাত বছর সময় লেগেছে, যেখানে চীনা ও আরবি ভাষায় দক্ষ অধ্যাপক ও প্রভাষকেরা কাজ করেছেন এবং পাতার রং ও মোটিফ নেওয়া হয়েছে চীনা ঐতিহ্য থেকে।
লতিফ এসিসিয়েটেড প্রেসকে জানান, “বেইজিংয়ের কোনো মসজিদে গেলে তা আরব বা মালয়েশিয়ার মসজিদের মতো দেখায় না। ইসলামের সৌন্দর্য হলো, এটি স্থানীয় রং, মোটিফ ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।”
কমপ্লেক্সটিতে মুদ্রণ ও বাঁধাই কক্ষের পাশাপাশি রয়েছে প্রদর্শনী গ্যালারি, প্রশিক্ষণকেন্দ্র, নামাজঘর, ক্যাফেটেরিয়া এবং একটি ‘ভিউয়িং ডেক’, যেখান থেকে দর্শনার্থীরা কারখানার কাজ দেখতে পারেন। সরকারি সংস্থা, ইয়াইয়াসান রেস্টু এবং সাধারণ মালয়েশীয়দের অনুদানে নির্মিত এই কমপ্লেক্সটির আনুমানিক খরচ ৬ কোটি রিঙ্গিত। শুরুতে লক্ষ্য ছিল বছরে ১০ লাখ কপি ছাপা, যার ৭০ শতাংশ দেশে এবং বাকিটা বিদেশে পাঠানো হবে।
কোরআনগুলো কেনা যায় অথবা দাতব্য কাজের জন্য বিনা মূল্যে পাওয়া যায়, তবে শর্ত হলো সেগুলো বিক্রি করা যাবে না। ২০২৫ সালের সেপ্টেম্বরে খেমার অনুবাদসহ ২০ হাজার কপি কম্বোডিয়ায় পাঠানো হয়েছে।
চতুর্দশ শতকের শুরুতে মুসলিম বণিকদের হাত ধরে মালয়েশিয়ায় ইসলাম পৌঁছেছিল। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির ৬৩.৫ শতাংশ মানুষ মুসলিম। বহু জাতির এই দেশে কোরআনের এমন সংস্করণ তৈরির পেছনে লতিফ শান্তির বার্তা দেখেন। তিনি বলেন, “আমরা মানুষকে বলতে চাই, দেখুন, আমরা একত্রে বসবাস করতে পারি। ইসলাম শান্তির ধর্ম।”
ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআন অনুবাদ করা হবে, যার ফলে মোট ভাষার সংখ্যা ৬০টি হবে।