কুমিল্লা শহরের বর্জ্য ফেলার স্থান বা ল্যান্ডফিল্ড এলাকা সম্প্রসারণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এই সুযোগে অধিক ক্ষতিপূরণ পাওয়ার আশায় ওই এলাকায় হঠাৎ করেই ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের এক হিড়িক পড়েছে। অভিযোগ উঠেছে, একটি বিশেষ চক্র জমির মালিকদের প্রলোভন দেখিয়ে এই কাজে উৎসাহিত করছে।

প্রায় আড়াই দশক ধরে কুমিল্লা শহরের যাবতীয় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ঝাঁকুনিপাড়া-দৌলতপুর এলাকায়। এই ভাগাড় থেকে নির্গত তীব্র দুর্গন্ধে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন সেই দুর্গন্ধময় ভাগাড়ের চারপাশেই রাতারাতি গড়ে উঠছে নানা স্থাপনা। কোথাও বাঁশ, কাঠ ও পুরোনো টিন দিয়ে তৈরি হচ্ছে ঘর, কোথাও গড়ে উঠেছে সীমানাপ্রাচীরসহ টিনশেড স্থাপনা, আবার কোথাও নিচু জমি বালু দিয়ে ভরাট করে প্রাচীর তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) তাদের ল্যান্ডফিল্ডের পরিধি বাড়াতে আরও ১৫ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় স্থাপনা নির্মাণের এই প্রবণতা বেড়েছে। অভিযোগ রয়েছে, একটি চক্র জমির মালিকদের প্রলোভন দেখাচ্ছে যে, স্থাপনা থাকলে অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ পাওয়া যাবে। এমনকি কিছু ক্ষেত্রে চক্রটি নিজেই স্থাপনা নির্মাণের খরচ বহন করে পরে ক্ষতিপূরণের অর্থ ভাগাভাগির প্রস্তাব দিচ্ছে বলে জানা গেছে।

গত ২৭ অক্টোবর কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা মোড় থেকে বিবির বাজারের দিকে যাওয়া সড়কে প্রবেশ করতেই দেখা যায় ময়লার বিশাল স্তূপ। দূর থেকেই ভেসে আসা তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক চেপে হাঁটতে হয়। কুমিল্লা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই ভাগাড়ের প্রবেশপথের একপাশে রয়েছে সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ড কার্যালয়। এর বিপরীত পাশে একটি বড় জায়গার চারদিকে উঁচু সীমানাপ্রাচীর তোলা হয়েছে। মূল ফটকে তালা থাকলেও ভেতরে উঁকি দিয়ে দেখা যায়, সেখানে আলাদা আলাদাভাবে অন্তত ২৫টি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। দেয়ালে নতুন সাদা রং দেখে বোঝা যায়, সম্প্রতি এই কাজ শেষ হয়েছে।

এর পাশেই নিচু জমি বালু দিয়ে ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। ল্যান্ডফিল্ডে প্রবেশের পথের ডান পাশে আরও অন্তত ছয়টি বাঁশ ও টিনের ঘর নির্মাণের কাজ চলছিল। কোথাও পুরোনো টিন, কোথাও রঙিন ঢেউটিন ব্যবহার করা হচ্ছে। নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকদের দেখে স্পষ্ট যে, এসব স্থাপনা খুব সম্প্রতি তৈরি করা হয়েছে। স্থানীয় কৃষক আবদুল মোতালেব ল্যান্ডফিল্ড কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এই নতুন স্থাপনাগুলো দেখিয়ে বলেন, “টেকা লুটনের লাইগ্যা হগ্গোলে (সবাই) ঘর তুলতাছে।”

স্থানীয়দের দাবি, গত এক মাসের মধ্যেই ৩০টির বেশি স্থাপনা নির্মাণ করা হয়েছে। যারা আগেভাগে অধিগ্রহণের খবর পেয়েছেন, তারা আধা পাকা ঘর ও সীমানাপ্রাচীরও তৈরি করেছেন। বিশেষ করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের জমিতে নির্মিত ২৫টি আধা পাকা ঘর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। স্থানীয় তিনজন ভূমিমালিক নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠ কে বলেন, গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি চক্র জমির মালিকদের স্থাপনা নির্মাণে উৎসাহিত করছে। চক্রটির সঙ্গে শহরের আরও কয়েকজন যুক্ত আছেন বলে তাঁদের অভিযোগ।

গিয়াস উদ্দিনের বাড়ি ঝাঁকুনিপাড়া এলাকায় হলেও তিনি বর্তমানে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় বসবাস করেন। মুক্তকণ্ঠ র সঙ্গে আলাপকালে তিনি বলেন, জায়গাটি ১৫-১৬ বছর আগে নেওয়া হলেও সম্প্রতি ঘর নির্মাণ করছেন ভাড়া দেওয়ার জন্য। নির্মাণকাজে মোট কত টাকা ব্যয় হয়েছে, তা হিসাব করে বলতে পারেননি তিনি। তবে ঘরগুলো তুলতে ১ লাখ ৩৫ হাজারের বেশি ইট লেগেছে বলে জানিয়েছেন তিনি। অন্যদের স্থাপনা নির্মাণে উৎসাহিত করার অভিযোগের জবাবে গিয়াস উদ্দিন বলেন, এ কথার কোনো ভিত্তি নেই।

অন্যদিকে, ল্যান্ডফিল্ডে প্রবেশের পথের পাশে কয়েকটি টিনের দোকান নির্মাণ করছিলেন নুরুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা পাঁচ শ্রমিক। নুরুল ইসলাম জানান, নগরের চকবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা রিপন সরকার তাঁর ৪ শতাংশ জমিতে দোকানগুলো নির্মাণের দায়িত্ব দিয়েছেন। হঠাৎ দোকান নির্মাণের কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, “আমরা টাকার বিনিময়ে কাজ করি। কেন দোকান তোলা হচ্ছে, আমি বলতে পারব না। আমরার পাশেও আরও কয়েকটা দোকান উঠতাছে। এই এলাকার বিভিন্ন জায়গায় এহন দোকানের কাজ বেশি হইতাছে।”

ল্যান্ডফিল্ডের পাশে বালু দিয়ে জমি ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা ইকরাম হোসেন এবং সৌদি আরবপ্রবাসী আবদুল বাসেত। ইকরামের বিরুদ্ধেও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ স্থানীয় ব্যক্তিদের। তবে ইকরাম হোসেন বলেন, “আমরা নিজেদের জায়গা বালু ফেলে ভরাট করে সামান্য ওয়াল তুলে সীমানা নির্ধারণ করে রেখেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।” স্থানীয় বাসিন্দা ও করাতকল ব্যবসায়ী মিজানুর রহমানও সেখানে তিনটি ঘর নির্মাণ করেছেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নিজের দরকারে ঘর তুলছি।”

লিল্ডফিল্ড কার্যালয়ে ১১ বছর ধরে সুপারভাইজার হিসেবে কর্মরত সাজু আহমেদ জানান, এত বছর ধরে তিনি ময়লা ফেলার স্থানের আশপাশে এমন দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ হতে দেখেননি। সম্প্রতি একের পর এক আধা পাকা ও টিনের ঘর তোলা হচ্ছে। সীমানাপ্রাচীরের ভেতরে অনেকগুলো ঘর নির্মাণের কাজ শুরু হলে সিটি করপোরেশনের একজন প্রকৌশলী সেখানে গিয়ে নির্মাণকারীদের নিষেধ করেছিলেন এবং জমি অধিগ্রহণের বিষয়ে সতর্ক করেছিলেন। তবে এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি।

এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সারোয়ার জাহান মুক্তকণ্ঠ কে বলেন, সিটি করপোরেশনের ডাম্পিং জোনের আশপাশে ১৫ একর জমির মালিকদের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জমির মালিকেরা বর্তমান মৌজা মূল্যের তিন গুণ ক্ষতিপূরণ পাবেন। অর্থ বরাদ্দ পাওয়া গেলে অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, প্রকল্পের প্রাক্কলন ও অধিগ্রহণসংক্রান্ত কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। তখন জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অধিগ্রহণের জন্য নির্ধারিত এলাকার স্থিরচিত্র, ভিডিও ও ড্রোনের ফুটেজ সংরক্ষণ করেছেন। ফলে এখন কেউ নতুন স্থাপনা নির্মাণ করে বাড়তি ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ পাবেন না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন। তিনি মুক্তকণ্ঠ কে বলেন, “এভাবে স্থাপনা তুলে অর্থ লোপাটের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। একটি সংঘবদ্ধ চক্র হয়তো ভূমিমালিকদের প্রলোভন দেখিয়ে এমন কাজে নামিয়েছে।”