একটি প্রীতি ম্যাচে পরাজয় সাধারণত খুব বড় বিষয় নয়। তবে আর্জেন্টিনার সাম্প্রতিক এই হারটি অনেকের মনেই কিছুটা উদ্বেগের সৃষ্টি করতে পারে। কারণ, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস আইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২–১ গোলে পরাজিত হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসি-পরবর্তী যুগের শুরুতেই এমন ফল আসায় প্রশ্ন উঠতে পারে যে, সামনে দলের জন্য কী অপেক্ষা করছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ স্কালোনিকে সরাসরি এই প্রশ্নটি করা না হলেও, তিনি বুঝতে পেরেছিলেন যে অনেকের মনেই এই সংশয় কাজ করছে। তাই তিনি সবার কাছে একটিই দাবি জানিয়েছেন— ‘ধৈর্য।’ কেন ধৈর্য ধরতে হবে, তার কারণও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন স্কালোনি।

সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা দল একটি দীর্ঘ পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মেসির অবসরের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের পরিবর্তে তরুণদের সুযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। গত অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে খেলা তিনটি ম্যাচেও এই ধারাটি কমবেশি লক্ষ্য করা গেছে, যার প্রতিফলন ঘটেছে আজকের ম্যাচেও।

রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস তালিয়াফিকোদের অনুপস্থিতিতে মাঠে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা। আক্রমণে দায়িত্ব পালন করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা। এছাড়া বদলি হিসেবে সুযোগ পেয়েছেন রোমান ভেগা, মাতিয়াস সুলে এবং অগাস্টিন গিয়াইয়ের মতো তরুণ প্রতিভারা। মেসিকে ছাড়া একসঙ্গে খেলার অভিজ্ঞতা এই দলের অধিকাংশ খেলোয়াড়ের জন্যই একেবারেই নতুন।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ স্কালোনি তাই কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তিনি বলেন, ‘ধৈর্য ধরতে হবে। কারণ ছেলেরা তরুণ, দলের জন্য সর্বস্ব নিংড়ে দেবে। দলকে তারা কাঁধে বয়ে বেড়াবে, এটা (এখনই) আমরা প্রত্যাশা করতে পারি না। কাজটা কঠিন ছিল, বিশেষ করে দারুণ এক দলের বিপক্ষে।’

প্রতিপক্ষ ছিল উরুগুয়ে, যাদের কাছে লা বোমবোনেরা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচেও হেরেছিল আর্জেন্টিনা। এবারের পরাজয়ের আগে টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত ছিল তারা। ২০১৯ সালের ২২ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবার হেরেছিল আর্জেন্টিনা, যখন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জাতীয় দলে অভিষেক হয়নি। এছাড়া ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার এই হার প্রায় ৩০ বছর পর পর। সর্বশেষ ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর মার দেল প্লাতায় সাবেক যুগোস্লাভিয়ার বিপক্ষে তারা ঘরের মাঠে প্রীতি ম্যাচে হেরেছিল।

দীর্ঘদিন পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে হারের স্বাদ পেলেও স্কালোনি এই ফলাফলকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, বর্তমান সময়টি দল পুনর্গঠনের এবং খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে নতুন একটি কাঠামো তৈরির। এই বিষয়ে তিনি বলেন, ‘ফল ছাপিয়ে এই ম্যাচে বিশ্লেষণের ভালো কিছু বিষয় আছে। কিছু বিষয় ঠিক করতে হবে। জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হবে। আমাদের ঠিক এটাই করে যেতে হবে, ক্রমাগত উন্নতি।’

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় এই বিরতির দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও একাদশে পরিবর্তন ও পরীক্ষা-নিরীক্ষা চালানোর কথা জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা কিছু পরিবর্তন করব এবং বাকিরা পুনরায় মাঠে নামবে। আমার মনে হয় এটা ন্যায্য। কয়েকজকে পছন্দ হয়েছে, তারা আবারও খেলবে।’

সামগ্রিকভাবে উরুগুয়ের কাছে হারলেও শিষ্যদের খেলা সন্তোষজনক বলে মনে করছেন স্কালোনি। তবে উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। সেটা করতে আমরা বাধ্য কারণ আমরা আর্জেন্টিনা জাতীয় দল, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে হয়।’ সবশেষে স্কালোনির অনুরোধ, ‘উন্নতির পথটা হলো ম্যাচ খেলা। তরুণদের সেই সুযোগটা দিন।’